প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৭:০২ পিএম (ভিজিট : )
গোবিন্দগঞ্জে সীমানা প্রাচীর বিরোধে প্রতিপক্ষের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
তাজুল ইসলাম প্রধান,তাজাখবর২৪.কম, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের ধাক্কায় জহুরুল প্রধান (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চক মাকড়া (মধ্যপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জহুরুল প্রধান ওই এলাকার মৃত মমতাজ প্রধানের ছেলে।
নিহতের পরিবার জানান, জহুরুল প্রধানের সাথে প্রতিবেশী জিহাদের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধ চলছিল। আজ সকালে জিহাদ বাড়ির পাশে মসজিদে যাতায়াতের রাস্তা বন্ধ করে জহুরুলের জায়গার ওপর সীমানা প্রাচীর নির্মাণের সময় তিনি গিয়ে বাঁধা দেন। এতে জিহাদ ক্ষুব্ধ হয়ে জহুরুলকে হাত দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। একপর্যায়ে জিহাদ তার বুকে জোরে ধাক্কা দিলে সেই আঘাত সহ্য করতে না পেরে জহুরুল গাছের সাথে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী জানান, এর আগেও একবার জিহাদ আমাদের বাড়ির জায়গায় সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করলে আমরা বাঁধা দেই। তখন সে শালিস ডাকে। আমিন এসে জায়গা মেপে দেখে জিহাদ কোনো জায়গা পায় না। চূড়ান্ত শালিসে সে আমাদের সাথে মিলেমিশে থাকার কথা বলে। ঘটনার সময় সে আমার স্বামীকে অনবরত আঘাত করেছে, শেষে বুকে জোরে আঘাত করে মেরে ফেলেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই, জিহাদের ফাঁসি চাই। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, এ ঘটনায় লাশ ময়নাতদন্তসহ মামলার প্রস্তুতি চলছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৫ রবউসি সানি ১৪৪৮