প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১:২৬ পিএম (ভিজিট : )
কক্সবাজারে শেষ হয়েছে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা
মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার প্রতিনিধি: বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা বাড়ানোর লক্ষ্যে কক্সবাজারে আয়োজিত পাঁচ দিনব্যাপী 'কনফ্লিক্ট সেন্সিটিভ রিপোর্টিং ইন ডিসপ্লেইসেন্ট কনটেক্সট' শীর্ষক কর্মশালা শেষ হয়েছে। ডয়েচে ভেলে একাডেমির আয়োজনে ৪ অক্টোবর শুরু হওয়া এ কর্মশালা শেষ হয় বুধবার। কর্মশালায় কক্সবাজারের বিভিন্ন উপজেলার সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন। এ আয়োজনে সহযোগিতা করে কক্সবাজার প্রেস ক্লাব।
কর্মশালায় কক্সবাজার সদর, রামু, চকরিয়া, পেকুয়া, উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন। পাঁচ দিনের প্রশিক্ষণে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা, বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে নিয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশন, তথ্য যাচাই, সাংবাদিকতার নৈতিকতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন মাইনুল ইসলাম খান ও মাফিয়া মুক্তা। প্রশিক্ষণে শুধু তাত্ত্বিক আলোচনা নয়, বিভিন্ন বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ ও হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের করণীয় তুলে ধরা হয়। বিশেষ করে সংঘাত বা সংকটের সময়ে ব্যবহৃত শব্দ, সংবাদ উপস্থাপনের ধরন, বিভিন্ন পক্ষের বক্তব্য গ্রহণ এবং তথ্যের সত্যতা যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বাস্তুচ্যুত জনগোষ্ঠী ও স্থানীয় সম্প্রদায়কে নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মানবিকতা ও সংবেদনশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। কোনো সংবাদ যেন অনিচ্ছাকৃতভাবে বিদ্বেষ, বিভাজন বা উত্তেজনা বাড়িয়ে না দেয়, সে বিষয়ে সাংবাদিকদের সচেতন করা হয়।