প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৮ পিএম (ভিজিট : )
ছবি: সংগৃহীত
তাজাখবর২৪.কম,হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মহসিনুর রহমান মুর্শেদের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ভেন্টিলেটর ভেঙে বাড়িতে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার, আইপিএস, টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বহরা ইউনিয়নের উত্তর শিক গ্রামের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিনুর রহমান মুর্শেদ পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। তার ছোট ভাই মিশু পোল্যান্ডের নাগরিক। ফলে বাড়িটি বেশির ভাগ সময়ই ফাঁকা থাকে। এই সুযোগে পরিকল্পিতভাবে চোরেরা বাড়িতে ঢুকে চুরি করেছে বলে ধারণা স্থানীয়দের।চোরেরা ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশের পর বিভিন্ন কক্ষ তছনছ করে। পরে নগদ টাকা, স্বর্ণালংকার, আইপিএস, টেলিভিশনসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।চুরির খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।তবে তাৎক্ষণিকভাবে চুরি যাওয়া মালামালের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩, ০৬ রবউিস সানি ১৪৪৮