প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৭ এএম (ভিজিট : )
ভালোবেসে বিয়ে, সেই স্বামীর হাতেই প্রাণ গেল মিমের
তাজাখবর২৪.কম,গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে মিম আক্তার (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী তারিকুল শিকদারের বিরুদ্ধে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাবড়াশুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মিম আক্তার ভাবড়াশুর গ্রামের ছরোয়ার শিকদারের ছেলে তারিকুল শিকদারের স্ত্রী। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার শাকপাইলদিয়া গ্রামের সিদাম মাঝির মেয়ে।স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, প্রথম স্ত্রী থাকা অবস্থায় প্রায় তিন বছর আগে মিমকে ভালোবেসে বিয়ে করেন তারিকুল। বিয়ের পর থেকেই পারিবারিক কলহের জেরে মিমকে প্রায়ই মারধর করা হতো বলে অভিযোগ রয়েছে।
রোববার সকালে মিমকে মারধর করেন তারিকুল। পরে প্রতিবেশী আলামিন মৃধার স্ত্রী রিনা বেগমকে ডেকে তিনি বলেন, ‘চাচি, দেখেন তো আমার বউ মারা গেছে নাকি।’এ সময় রিনা বেগম ঘরে গিয়ে মিমকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।পুলিশ জানায়, ঘটনার পর থেকে স্বামী তারিকুল শিকদারসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাফিসুর রহমান বলেন, নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩, ০২ রবিউস সানি ১৪৪৮