তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: তীব্র উপকূলীয় ক্ষয়, অস্বাভাবিক উঁচু ঢেউ এবং ঘরবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কাউন্টি কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়। উপকূলীয় এলাকায় ক্ষতির মাত্রা বাড়তে থাকায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাজ্য ও ফেডারেল সরকারের অতিরিক্ত সহায়তা পাওয়ার পথ এতে সুগম হবে।
শক্তিশালী ঢেউয়ের আঘাতে ডানা পয়েন্টের ক্যাপিস্ট্রানো বিচ এলাকায় সমুদ্র তীরবর্তী কয়েকটি বসতবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে চলতি সপ্তাহে লাগুনা বিচ, সান ক্লেমেন্টে এবং ডানা পয়েন্ট শহর পৃথকভাবে স্থানীয় জরুরি অবস্থা জারি করে।অরেঞ্জ কাউন্টি বোর্ড অব সুপারভাইজরসের ভাইস চেয়ার ক্যাটরিনা ফোলি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের কাছে পুরো উপকূলীয় এলাকায় রাজ্যব্যাপী জরুরি অবস্থা ঘোষণার দাবি জানিয়েছেন। এতে দ্রুত পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা এবং ২০২৬-২৭ সালের আসন্ন শীতকালীন ঝড়ের মৌসুমের প্রস্তুতি জোরদার করা সম্ভব হবে।
ক্যাটরিনা ফোলি বলেন, সম্ভাব্য শক্তিশালী ‘এল নিনো’ ঝড়ের ধাক্কা সামলাতে উপকূল সুরক্ষা ও দ্রুত বালু পুনঃস্থাপনে জরুরি পদক্ষেপ প্রয়োজন। শীতকালীন ঝড় ও জলোচ্ছ্বাসের আগেই ক্ষতিগ্রস্ত এলাকা রক্ষা, ধ্বংসাবশেষ অপসারণ, খাল রক্ষণাবেক্ষণ এবং সেতু সুরক্ষায় গভর্নরের কাছে বিশেষ নির্বাহী আদেশের আহ্বান জানান তিনি।এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, উপকূলীয় ঝুঁকি নিয়ে বহু বছর ধরে ক্যালিফোর্নিয়া কোস্টাল কমিশনকে সতর্ক করা হলেও উপকূল রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার অনুমতি পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। বর্তমানে অরেঞ্জ কাউন্টির কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত শহরগুলোর স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পুরো উপকূলজুড়ে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাপ করছেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩, ০৬ রবউিস সানি ১৪৪৮