রাজনৈতিক বিভেদে দুর্বল হচ্ছে অভ্যুত্থানের ঐক্য, সামনে নতুন চ্যালেঞ্জ
তাজাখবর২৪.কম,ঢাকা: দীর্ঘ দেড় দশকের শাসনের অবসান ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা ছিল ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থান। তবে অভ্যুত্থান পরবর্তী সময়ে সংবিধান সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন, নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে দলগুলোর অবস্থানে ভিন্নতা দেখা দিয়েছে। এতে একসময় একসঙ্গে আন্দোলন করা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন মতপার্থক্য বাড়ছে, তখনই দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ সামনে আসছে। এমন পরিস্থিতিতে অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার প্রয়োজনীয়তা আরও জোরালো হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ মনে করেন, রাজনৈতিক দলগুলোর আগে নিজেদের অগ্রাধিকার নির্ধারণ করা প্রয়োজন। চব্বিশের গণ-অভ্যুত্থানের মূল দাবি ছিল অন্যায়ের বিচার। কিন্তু সেই দাবিকে কেন্দ্র করে দলগুলো নিজ নিজ রাজনৈতিক অর্জনের হিসাব করতে গিয়ে অভিন্ন লক্ষ্য থেকে সরে যাচ্ছে।
তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে ঠিক করতে হবে তাদের অগ্রাধিকার কী। চব্বিশের গণ-অভ্যুত্থানের দাবি হচ্ছে, যে অন্যায় করা হয়েছে, সেই অন্যায়ের বিচার। কিন্তু আবার এটা নিয়ে যে যার মতো করে রাজনৈতিক অর্জনও পেতে চায়। এটা একটা বড় সমস্যা।’ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তির আশঙ্কা তুলে ধরে তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের রাজনীতি তো আবার ফিরে আসবে। তখন দেশে আবার এ ধরনের পরিস্থিতি তৈরি হবে।’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন রাজনৈতিক বাস্তবতায় সহিংসতা কোনো দলের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে না। বরং রাজনৈতিক দাবি আদায়ের নামে সহিংসতার আশ্রয় নিলে জনসমর্থন হারানোর ঝুঁকি তৈরি হবে। একই সঙ্গে অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া পরিবর্তনের প্রত্যাশাও বাধাগ্রস্ত হতে পারে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, পরিবর্তন এসেছে। দলগুলোকে অবশ্যই ভাবতে হবে, নতুন বাংলাদেশ কীভাবে তৈরি হয়েছে। তা না ভেবে শুধু বারবার নতুন বাংলাদেশের কথা বললে হবে না।’
বর্তমান রাজনৈতিক সংকটের কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘বর্তমানে রাজনীতিতে একটা বড় সংকট যাচ্ছে। এর প্রধান কারণ, যারা নিজেদের ৫ আগস্টের শক্তি বলে, তারাই আবার সরকারকে সহযোগিতা করে না—এটা জনগণ মূল্যায়ন করবে। সব সময় সরকারের সমালোচনা করাই বিরোধী দলের কাজ নয়। যারা সহিংসতা করবে, তারা রাজনৈতিকভাবে হেরে যাবে।’
বিশ্লেষকদের মতে, রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখা, গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেয়া, শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া এবং রাষ্ট্র সংস্কারের উদ্যোগ চলমান রাখতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা জরুরি। মতপার্থক্য থাকলেও অভ্যুত্থানের মূল লক্ষ্য ও গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্য থাকা প্রয়োজন।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩, ১০ জুমাদাস সানি ১৪৪৮