কামাল শিশির, তাজাখবর২৪.কম,রামু: যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কক্সবাজারের রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস–২০২৬ উদযাপিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ১০ পদাতিক ডিভিশনের আয়োজনে রামু সেনানিবাসে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও রামু সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন আহমদ।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আলমগীর ফরিদ, সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।
রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
এ ছাড়া উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি জননেতা সরওয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক জননেতা সুলতান মাহমুদ চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমানবাহিনীর কমান্ডিং অফিসার এয়ার ভাইস মার্শাল শরীফুল ইসলাম, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী এবং দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান শামসুল হক শারেক।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গৌরবময় ইতিহাস, মহান মুক্তিযুদ্ধে তাঁদের অবদান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনা, নৌ ও বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।বক্তারা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় অগ্রযাত্রায় সশস্ত্র বাহিনীর অবদানের ভূয়সী প্রশংসা করেন।উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বিত অভিযানের ঐতিহাসিক স্মারক হিসেবে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।সশস্ত্র বাহিনী দিবসের এ আয়োজন দেশের প্রতি দায়িত্ববোধ, দেশপ্রেম, শৃঙ্খলা ও আত্মত্যাগের চেতনাকে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩, ১০ জুমাদাস সানি ১৪৪৮