প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:৪৫ এএম (ভিজিট : )
৯৫ বছরের রেকর্ড স্পর্শ করলেন এসপোসিতো
তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: ইতালির জার্সিতে নতুন প্রজন্মের অন্যতম প্রতিভাবান মুখ হিসেবে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিলেন তরুণ স্ট্রাইকার ফ্রান্সেস্কো পিও এসপোসিতো। তুরস্কের বিপক্ষে ৩-১ গোলের জয়ে শেষ মুহূর্তে গোল করে শুধু দলের জয়ই নিশ্চিত করেননি, স্পর্শ করেছেন ইতালিয়ান ফুটবলের ৯৫ বছরের পুরোনো এক রেকর্ডও।সোমবার রাতে বোলোগনার রেনাতো দাল’আরা স্টেডিয়ামে তুরস্কের বিপক্ষে ম্যাচে ৫৫তম মিনিটে জিয়ানলুকা স্কামাক্কার বদলি হিসেবে মাঠে নামেন এসপোসিতো। মাঠে নেমেই আক্রমণে নিজের উপস্থিতি জানান দেওয়া এই তরুণ ফরোয়ার্ড ম্যাচের ৮৭তম মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে ইতালির তৃতীয় গোলটি করেন।
এই গোলের মধ্য দিয়ে ২১তম জন্মদিনের আগেই আন্তর্জাতিক ফুটবলে সাত গোলের মালিক হলেন এসপোসিতো। ইতালির ফুটবল ইতিহাসে কিংবদন্তি জিউসেপ্পে মেয়াৎসার পর তিনিই দ্বিতীয় খেলোয়াড়, যিনি ২১ বছর পূর্ণ হওয়ার আগেই জাতীয় দলের হয়ে সাতটি গোল করলেন।ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার তথ্য অনুযায়ী, ১৯৩১ সালের ২৫ জানুয়ারি মাত্র ২০ বছর ১৫৫ দিন বয়সে ইতালির হয়ে সপ্তম গোল করেছিলেন মেয়াৎসা। দীর্ঘ ৯৫ বছর পর সেই বিরল রেকর্ডে কিংবদন্তি এই ফরোয়ার্ডের পাশে নাম লেখালেন এসপোসিতো।তুরস্কের বিপক্ষে এই জয়ে উয়েফা নেশনস লিগের গ্রুপ-১-এ ৭ পয়েন্ট সংগ্রহ করেছে ইতালি। পয়েন্ট তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে আজ্জুরিরা। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ফ্রান্সের চেয়ে তারা পিছিয়ে আছে ৩ পয়েন্টে।অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বেলজিয়াম। চার ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া তুরস্ক রয়েছে গ্রুপের তলানিতে।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩, ২৪ রবউসি সানি ১৪৪৮