প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:০৪ পিএম (ভিজিট : )
চোখের জলে জেকোকে বিদায় জানাল বসনিয়া
তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: বসনিয়া ও হার্জেগোভিনার জার্সিতে ১৫১টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন দেশটির কিংবদন্তি স্ট্রাইকার এডিন জেকো। সুইডেনের বিপক্ষে জেনিকার বিলিনো পোলজে স্টেডিয়ামে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ‘সোয়ান অব সারাজেভো’ খ্যাত এই ফরোয়ার্ড। তার বিদায়কে ঘিরে পুরো স্টেডিয়ামজুড়ে তৈরি হয় আবেগঘন পরিবেশ। গ্যালারিতে সমর্থকদের চোখে ছিল অশ্রু, আর মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়রাও দাঁড়িয়ে সম্মান জানান এই কিংবদন্তিকে।জেকোর বিদায়ী ম্যাচে বসনিয়ার সমর্থকগোষ্ঠী ‘বিএইচ ফ্যানাটিকোস’ গ্যালারিতে বিশেষ কোরিওগ্রাফির মাধ্যমে দেশের অন্যতম সেরা ১১ নম্বর জার্সিধারীকে সম্মান জানায়। ম্যাচের প্রথমার্ধে ভিএআরের সিদ্ধান্তে তার একটি দুর্দান্ত গোল বাতিল হওয়ায় বিদায়ের রাতটি আরও স্মরণীয় হওয়ার সুযোগ হাতছাড়া হয়। পরে ম্যাচের ৬২তম মিনিটে মাঠ ছাড়ার সময় দর্শক ও প্রতিপক্ষের খেলোয়াড়দের কাছ থেকে দাঁড়িয়ে অভিবাদন পান জেকো। ম্যাচটি শেষ হয় ১-১ গোলের ড্রয়ে।
জাতীয় দলকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দেন জেকো। তিনি লেখেন, বসনিয়ার জার্সির প্রতি তার ভালোবাসা কখনো কমেনি। সরে দাঁড়ানোর জন্য এ সময়টিকেই উপযুক্ত মনে করছেন তিনি। ৪০ বছর বয়স পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলার প্রসঙ্গ টেনে জেকো জানান, নিজের শেষটুকু দিয়েও দেশের জন্য উজাড় করে দিয়েছেন তিনি।২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে বসনিয়া ও হার্জেগোভিনার ঐতিহাসিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জেকো। সারাজেভোর যুদ্ধের বিভীষিকা পেরিয়ে উঠে আসা এই ফুটবলার সময়ের সঙ্গে হয়ে ওঠেন দেশের ফুটবলের অন্যতম প্রধান মুখ। গোল করার দক্ষতা, নেতৃত্ব ও দীর্ঘদিনের পারফরম্যান্সে তিনি বসনিয়ার মানুষের কাছে বিশেষ মর্যাদা অর্জন করেন।
বিদায়ী ম্যাচ শেষে বসনিয়া ফুটবল ফেডারেশনের উদ্যোগে জেকোর সম্মানে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। মানবতাবাদী সংস্থা ‘Pomozi.ba’-এর সহযোগিতায় নেওয়া হয় একটি দাতব্য উদ্যোগও। মাঠে শেষবারের মতো সমর্থকদের অভিবাদন জানাতে ‘ল্যাপ অব অনার’ দেওয়ার সময় গ্যালারি থেকে মাঠে ছুড়ে দেওয়া হয় হাজার হাজার নরম খেলনা বা সফট টয়। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, খেলনাগুলো পরে দেশের এতিমখানাগুলোতে বিতরণ করা হবে।জেকোর এই বিদায় কেবল একজন অভিজ্ঞ স্ট্রাইকারের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি নয়; বসনিয়ার ফুটবল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়েরও অবসান। দেশের জার্সিতে দীর্ঘ পথচলা শেষে আবেগ, ভালোবাসা ও সম্মানের মধ্য দিয়েই জাতীয় দলকে বিদায় জানালেন দেশটির ফুটবলপ্রেমীদের প্রিয় এই তারকা।সূত্র: গোলডটকম
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২১ রবউসি সানি ১৪৪৮