তাজাখবর২৪.কম,মহানগর ডেস্ক: পুরান ঢাকার ধোলাইখালে সড়কের এক অংশ ধসে পড়েছে। রোববার (১২ জুলাই) বিকেল থেকে সোমবার (১৩ জুলাই) দুপুরের মধ্যে নারিন্দা মোড়–সংলগ্ন রায়সাহেব বাজার থেকে মুরগিটোলামুখী সড়কের আইল্যান্ডঘেঁষা একটি অংশ ধসে পড়ে। বর্তমানে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল করায় এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বিকেলে টানা বৃষ্টির সময় রাস্তার মাঝামাঝি অংশ দেবে একটি গর্তের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল নিয়ন্ত্রণে আনে এবং দেবে যাওয়া অংশ ঘিরে নিরাপত্তা-ব্যবস্থা নেয়। এক পর্যায়ে আইল্যান্ডঘেঁষা অংশটি ধসে পড়েঘটনার পর সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে মেরামতকাজ শুরু করেছেন।
সংস্কারকাজের দায়িত্বে থাকা ডিএসসিসির সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. তারেক হোসেন বলেন, সড়কের নিচের মাটি সরে যাওয়ায় ধসের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াসার ২০ থেকে ৩০ বছর পুরোনো পানির পাইপে দীর্ঘদিনের লিকেজের কারণে মাটি ক্ষয় হয়ে নিচে ফাঁপা জায়গা তৈরি হয়েছিল। একপর্যায়ে সেটিই ধসের কারণ হয়েছে।তিনি জানান, মূল মেরামতের কাজ শেষ করতে দুই থেকে তিনদিন লাগবে। তবে কংক্রিটের কিউরিংসহ পুরো কাজ শেষ করে সড়কে সম্পূর্ণ যান চলাচলের উপযোগী করতে প্রায় ১০ দিন সময় লাগতে পারে। জনদুর্ভোগ কমাতে পুরো সড়ক বন্ধ রাখা হবে না। একপাশ দিয়ে যানচলাচল সচল রেখে অন্য পাশে মেরামতের কাজ চালানো হবে।