প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১০:০৪ পিএম (ভিজিট : )
শেরপুর পৌরসভা নির্বাচনে নতুন মুখের সয়লাব, আলোচনায় আবু রায়হান (রুপন)
সুমন কুমার দে,তাজাখবর২৪.কম,শেরপুর: আসন্ন শেরপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের তালিকাও ততই স্পষ্ট হচ্ছে।ইতোমধ্যে বিভিন্ন মহল ও সাধারণ ভোটারদের মধ্যে নতুন নেতৃত্ব নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে শেরপুরের রাজনীতিতে সক্রিয় থাকা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান (রুপন) সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। তিনি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, শেরপুর শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার অনেক ভোটার নতুন প্রজন্মের নেতৃত্বকে সুযোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছেন। তাদের ভাষ্য, ব্যক্তিগত সততা, রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে আবু রায়হান (রুপন) অনেকের কাছে গ্রহণযোগ্য একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।এদিকে পৌর এলাকার বিভিন্ন চায়ের দোকান, পথসভা, সামাজিক আড্ডা এবং জনসমাগমস্থলে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। এসব আলোচনায় আবু রায়হান (রুপন)-এর নামও বারবার উঠে আসছে বলে স্থানীয়দের দাবি।
তবে নির্বাচনকে সামনে রেখে শেষ পর্যন্ত কোন দল কাকে মনোনয়ন দেয় এবং ভোটাররা কাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সব মিলিয়ে শেরপুর পৌরসভার আগামী নির্বাচনে কে হবেন পৌরবাসীর নতুন অভিভাবক—সেই উত্তর জানতে অপেক্ষা করতে হবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত।
তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮শে আষাঢ় ১৪৩৩, ২৬ মহারম, ১৪৪৭