তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ মানেই রচনা ব্যানার্জিকে ভাবা হয় কিন্তু সম্প্রতি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পতনের পর সবকিছুতেই বদল এসেছে। বদলে গেছে ‘দিদি নাম্বার ওয়ান’-এর ধরন। এই শোতে সঞ্চালনার দায়িত্বেও থাকছেন না রচনা। দেখা যাবে অন্য এক তারকাকে।গত দেড় দশক ধরে পশ্চিমবঙ্গের টিভি পর্দার ‘দিদি’ হয়ে ছিলেন রচনা ব্যানার্জি। বাংলাদেশেও তার ‘দিদি নাম্বার ওয়ান’ বেশ জনপ্রিয়। তবে সম্প্রতি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পতনে বিপাকে পড়েছেন দলটির ঘনিষ্ট তারকারা। রচনাও এড়াতে পারেননি ধাক্কা।
‘দিদি নাম্বার ওয়ান’ থেকে বাদ পড়েছেন রচনা। নতুন করে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন স্বস্তিকা মুখার্জি। এরই মধ্যে এসেছে প্রমো। সেখানে দেখা গেল, শুধু সঞ্চালক নয়, নতুন সিজনে রয়েছে আরও অনেক পরিবর্তন। শো-এর ফরম্যাটেও বড়সড় রদবদল হতে চলেছে। এতদিন যেখানে চারজন প্রতিযোগীকে নিয়ে খেলা হতো, এবার একসঙ্গে অংশ নেবেন ১০ জন প্রতিযোগী। বদলে যাচ্ছে খেলার ধরনও।
এখানেই শেষ নয়, পরিবর্তন হচ্ছে সম্প্রচারের সময়ও। এতদিন বিকেলের জনপ্রিয় স্লটে সম্প্রচারিত হলেও, নতুন সিজন থেকে অনুষ্ঠানটি দেখা যাবে পশ্চিমবঙ্গের স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে। ২৯ জুন প্রচারিত হবে প্রথম পর্ব।এদিকে অনুষ্ঠান থেকে বাদ পড়া প্রসঙ্গে পুরনো ‘দিদি’ রচনা বললেন, ‘আমার কাজের চাপ আছে, এটা তো একটা কারণ বটেই। দ্বিতীয়ত, এটা চ্যানেলের সিদ্ধান্ত ছিল। ওরা এই অনুষ্ঠানকে নতুনভাবে সাজাতে চেয়েছিল। আর চ্যানেলের সিদ্ধান্তের ওপরে তো আমি কিছু বলতে পারি না।’
নতুন আয়োজনে অনুষ্ঠানটি সফল হওয়ার চ্যালেঞ্জ বেশি বলেই মনে করেন রচনা। তার ভাষ্য, ‘এটা ওদের জন্য বড় চ্যালেঞ্জ। ওদের প্রমাণ করে দেখাতে হবে, রচনা ব্যানার্জির বিকল্প কেউ হতে পারে। সেটা করে দেখাক ওরা। আমি সেই দিনটাই দেখার অপেক্ষায় আছি। এই শো আজ যে জায়গায় রয়েছে, সেটা আমি ছিলাম বলে এবং আমার অবদান ছিল বলেই।নতুন সঞ্চালক স্বস্তিকার প্রসঙ্গেও দিলেনে প্রতিক্রিয়া। রচনা বলেন, ‘স্বস্তিকা আমার খুব ভালো সহকর্মী। বহু দিনের সম্পর্ক আমাদের। নিশ্চয়ই খুব ভালো কাজ করবে। অনেক শুভেচ্ছা। আশা করছি, মানুষও ওকে খুব ভালোভাবে গ্রহণ করবে। আমি চাই, এই অনুষ্ঠান একইভাবে জনপ্রিয়তা পাক, সফল হোক।’উল্লেখ্য, ২০১০ সালে জি বাংলায় শুরু হয়েছিল ‘দিদি নাম্বার ওয়ান’। বিশেষ ধরনের এই গেম শোতে মূলত নারীরাই অংশ নেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩, ৭ মহারম, ১৪৪৭