তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের পরিচিত নৃত্য পরিচালক জাকির হোসেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে ভুগছিলেন জাকির হোসেন। এ শিল্পীর মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। তার পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সানি রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, জাকির হোসেন দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে আক্রান্ত ছিলেন। চিকিৎসার অংশ হিসেবে তিনি ভারতের ব্যাঙ্গালুরু থেকে চিকিৎসা গ্রহণ করেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার (২০ জুন) মহাখালী ক্যানসার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে নৃত্য পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন জাকির হোসেন। তিনি এক সময় বহু চলচ্চিত্রে নৃত্য নির্দেশনা দিয়ে দর্শকদের নজর কাড়েন; পাশাপাশি অভিনয়েও তার উপস্থিতি ছিল। এছাড়া চলচ্চিত্র শিল্পী সমিতিতে তিনি ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩, ৭ মহারম, ১৪৪৭