*নরসিংদীর সড়কে অটোরিকশার বেপরোয়া দাপট, ঝুঁকিতে শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা
ইকরামুল কবির জাহিন,তাজাখবর২৪.কম,নরসিংদী (সদর) প্রতিনিধি: নরসিংদী সদর শহরের সড়কে বর্তমানে জনদুর্ভোগ ও সড়ক নিরাপত্তার অন্যতম বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচল। নিয়ন্ত্রণহীন গতি, যত্রতত্র ওভারটেকিং, বিপরীত লেনে প্রবেশ এবং ট্রাফিক আইন ও সড়কের শৃঙ্খলা উপেক্ষা করে চলাচলের কারণে প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছেন সাধারণ যাত্রী, পথচারী ও শিক্ষার্থীরা। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অটোরিকশার এমন বিশৃঙ্খল চলাচলে সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।বিশেষ করে জেলখানার মোড় থেকে ডিসি রোড, উপজেলা মোড়, মালাকার মোড়, নরসিংদী রেলস্টেশন, এবং ব্রাহ্মন্দী অভিমুখী সড়কগুলোতে প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থী চলাচল করে। এসব সড়কে অটোরিকশার বেপরোয়া চলাচলের কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। অনেক সময় রাস্তা ফাঁকা দেখে পারাপার হতে গেলেও হঠাৎ করেই দ্রুতগতিতে ছুটে আসে অটোরিকশা। ফলে নিরাপদে রাস্তা পারাপার করাও শিক্ষার্থীদের জন্য কঠিন হয়ে পড়েছে। সামান্য অসতর্কতায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ ছাড়া যানজট সৃষ্টি হলে নির্ধারিত লেনে অপেক্ষা না করে বিপরীত দিকের লেনে প্রবেশ করার প্রবণতা লক্ষ করা যায় কিছু চালকের মধ্যে। এতে দুই দিকের যান চলাচল ব্যাহত হয়ে জটিল যানজটের সৃষ্টি হয়। নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ স্থানে ওভারটেকিং, হঠাৎ দিক পরিবর্তন এবং অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর মতো প্রবণতাও সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। বিশেষ করে জেলখানার মোড়, আশ্রিনগর ও মালাকার মোড়সহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এ ধরনের বিশৃঙ্খলা জনভোগান্তি বাড়াচ্ছে।এ পরিস্থিতিতে অটোরিকশাচালকদের যথাযথ প্রশিক্ষণ ও ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞান নিয়েও প্রশ্ন উঠছে। যানবাহন পরিচালনার আগে চালকেরা প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করেছেন কি না, সড়কের নিয়মনীতি সম্পর্কে তাঁদের পর্যাপ্ত ধারণা রয়েছে কি না, তা যাচাই করা জরুরি। কারণ, একজন চালকের সামান্য অসতর্কতা কিংবা নিয়মবহির্ভূত সিদ্ধান্ত অন্যের জীবনের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
সম্প্রতি নরসিংদী সদর উপজেলার জেলখানার মোড়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষে অটোরিকশাচালক গুরুতর আহত হন বলে জানা গেছে। অন্যদিকে, গতকাল যানজটের মধ্যে এক অটোরিকশাচালক হঠাৎ বিপরীত লেনে প্রবেশ করলে রাস্তা পারাপাররত এক পথচারী অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান। এসব ঘটনা সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তুলেছে।অন্যদিকে, শহরের সড়ক ও যান চলাচলের সক্ষমতার তুলনায় ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা অনেক বেশি বলে অভিযোগ রয়েছে। এসব যানবাহনের নিবন্ধন, প্রয়োজনীয় অনুমোদন এবং সড়কে চলাচলের উপযোগিতা নিয়েও প্রশ্ন রয়েছে। ফলে বৈধ ও অবৈধ যানবাহন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।নগরবাসীর প্রত্যাশা, নরসিংদী পৌর কর্তৃপক্ষ, ট্রাফিক বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণ, চালকদের প্রশিক্ষণ নিশ্চিতকরণ, অনুমোদনহীন ও অনুপযোগী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক আইন বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। সড়ক শুধু যানবাহন চলাচলের জায়গা নয়, এটি শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষেরও নিরাপদ চলাচলের অধিকার। তাই নরসিংদীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩, ১০ জুমাদাস সানি ১৪৪৮