তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: জয় দিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে হংকংকে ৮ উইকেটে হারিয়েছে সাইফ হাসানের নেতৃত্বাধীন দল।দোহায় ৮ উইকেটে ২১৯ রান করেছিল হংকং। জবাবে সাইফের ৮৬, ইয়াসির আলী রাব্বির ৭১ ও শাহাদাত হোসেনের ৪৩ রানে ভর করে ৪১ ওভারেই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন সাইফ। বল হাতে ৯ ওভারে ৩৩ রানে এক উইকেট নিয়েছিলেন তিনি।রান তাড়ায় ২৩ রানে উদ্বোধনী জুটি ভাঙলেও সাইফ ও শাহাদাতে ভর করে ২৫ ওভারে ১০৭ রান তুলে বাংলাদেশ। এ সময় যায় দ্বিতীয় উইকেটটি। বাংলাদেশকে এরপর আর উইকেট হারাতে হয়নি। ইয়াসির আলী ৫১ বলে ৭১ রানের ঝড়ো ইনিংসে মিলে সহজ জয়। ইয়াসির নিজের ইনিংসে ৩টি চার ও ৫টি ছয়ের মার খেলেন।
সাইফের ১১৬ বলের ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও একটি ছয়ের মারে। হংকংয়ের হয়ে একটি করে উইকেট নেন আয়োশ শুকলা ও আতিক ইকবাল।হংকংকে ২১৯ রানে আটকে রাখতে অগ্রণী ভূমিকা পালন করেন ইকবাল হোসেন ইমন। ৯ ওভারে ৩৩ রানের বিনিময়ে তিনি নেন ৩ উইকেট। মোহাম্মদ সাইফুদ্দিন, মো. রুবেল, রাকিবুল হাসান ও সাইফ প্রত্যেকে একটি করে উইকেট পান।আগামী ২১ নভেম্বর নিজেদের পরের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩, ০৮ জুমাদাস সানি ১৪৪৮