তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে তার সম্পর্ক যে এখানেই শেষ হচ্ছে না, সেই ইঙ্গিতই দিলেন দলটির কোচ লিওনেল স্কালোনি। ভবিষ্যতে মেসি কোচিং স্টাফে যোগ দিতে চাইলে তাকে স্বাগত জানাতে প্রস্তুত তিনি। এমনকি ২০৩০ বিশ্বকাপের আগেই সাবেক অধিনায়ককে নতুন ভূমিকায় দেখার সম্ভাবনাও উড়িয়ে দেননি আর্জেন্টিনা কোচ।মঙ্গলবার (১৭ নভেম্বর) কোস্টারিকার বিপক্ষে বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচটির আগে সোমবার সংবাদ সম্মেলনে মেসির ভবিষ্যৎ নিয়ে কথা বলেন স্কালোনি। সেখানে ২০৩০ বিশ্বকাপে মেসিকে আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য হিসেবে দেখা যেতে পারে কি না, এমন প্রশ্ন করা হয় তাকে।জবাবে স্কালোনি বলেন, মেসির এখনই ফুটবল ছাড়ার কোনো কারণ দেখছেন না তিনি। বরং জাতীয় দলের বাইরে ক্লাব ফুটবলে আরও অনেক বছর খেলার সামর্থ্য রয়েছে এই মহাতারকার।
আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমার মনে হয়, সে খেলা চালিয়ে যাবে। ২০৩০ সালের পরও খেলবে। জাতীয় দলের হয়ে আর খেলবে না বলে জানিয়েছে। তবে ফুটবলার হিসেবে যত দিন সম্ভব খেলে যাক, সেটাই চাই।’মেসিকে কোচিং স্টাফে পাওয়ার সম্ভাবনা নিয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন স্কালোনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে এখানে আসতে চাইলে কোনো সমস্যা নেই। এখন যেহেতু ওয়াল্টার (স্যামুয়েল) থাকছে না, তাহলে আসুক!’স্কালোনির এই মন্তব্যের সময় সংবাদ সম্মেলনে হাসির পরিবেশ তৈরি হয়। তাই এটিকে আনুষ্ঠানিক প্রস্তাবের চেয়ে মেসিকে ঘিরে তার আন্তরিকতা ও রসিকতা হিসেবেই দেখছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম। এখন পর্যন্ত মেসিকে কোচিং স্টাফে যুক্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে দীর্ঘদিনের সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন। ২০১৮ সাল থেকে স্কালোনির সঙ্গে কাজ করা সাবেক এই ডিফেন্ডার এবার প্রধান কোচ হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে চান।স্যামুয়েলের বিদায়ের বিষয়টি নিশ্চিত করে স্কালোনি বলেন, নিজের কোচিং ক্যারিয়ার শুরু করার সিদ্ধান্ত আগেই তাকে জানিয়েছিলেন স্যামুয়েল। দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আর্জেন্টিনা কোচ জানান, জাতীয় দলের কোচিং স্টাফে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।
তবে স্যামুয়েলের বিদায়ের পরপরই নতুন কাউকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেই স্কালোনির। বর্তমান কোচিং স্টাফ নিয়েই কাজ চালিয়ে যেতে চান তিনি। প্রয়োজনে ভবিষ্যতে বয়সভিত্তিক জাতীয় দলের কোচদের সহযোগিতা নেওয়া হতে পারে।অন্যদিকে, খেলোয়াড়ি জীবন শেষে সরাসরি কোচিংয়ে আসার চেয়ে ক্লাব পরিচালনা ও ক্রীড়া ব্যবস্থাপনায় যুক্ত হওয়ার আগ্রহের কথা আগেই জানিয়েছিলেন মেসি। আর্জেন্টিনা, স্পেন ও উরুগুয়ের কয়েকটি ফুটবল প্রকল্পের সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি। উরুগুয়ের দেপোর্তিভো এলএসএমের সঙ্গে রয়েছেন তার দীর্ঘদিনের বন্ধু লুইস সুয়ারেজও।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। এরপর ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামেন তিনি। বিদায়ী ম্যাচে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরও দুটি গোল। ম্যাচটি আর্জেন্টিনা জেতে ৩-০ ব্যবধানে।জাতীয় দলের হয়ে ২০৮ ম্যাচে ১২৬ গোল করে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। তবে স্কালোনির বিশ্বাস, মেসির ফুটবলযাত্রা এখনই শেষ হচ্ছে না। ২০৩০ সালের পরও তাকে মাঠে দেখার প্রত্যাশা করছেন আর্জেন্টিনা কোচ।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩, ০৬ জুমাদাস সানি ১৪৪৮