প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:১৯ পিএম (ভিজিট : )
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: ফুটবলের ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাময় ১০ তরুণ খেলোয়াড়কে সামনে এনেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। অ্যাডিডাসের ‘মেসি +১০’ প্রচারণার তৃতীয় মৌসুমে জায়গা পেয়েছেন বিভিন্ন দেশের এসব উদীয়মান ফুটবলার। ছেলেদের পাশাপাশি তালিকায় রাখা হয়েছে মেয়েদের ফুটবলের তিন প্রতিভাকেও।
ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, নতুন প্রজন্মের ফুটবলারদের প্রতিভা ও সম্ভাবনাকে তুলে ধরতেই অ্যাডিডাসের এই উদ্যোগ। তালিকায় আর্জেন্টিনা, জার্মানি, মেক্সিকো, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, স্পেন, নেদারল্যান্ডস ও ব্রাজিলের তরুণ খেলোয়াড়েরা জায়গা পেয়েছেন।মেসির বাছাই করা তালিকায় রয়েছেন আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের তরুণ প্লেমেকার তোমাস আরান্দা। কারিগরি দক্ষতা ও সৃজনশীল ফুটবলের জন্য আলোচনায় থাকা এই তরুণের প্রতিভা নজর কেড়েছে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিরও। বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচের সফরের দলেও তাকে রেখেছিলেন আর্জেন্টাইন কোচ।
তবে চোটের কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন আরান্দা। ডান পায়ের ফিবুলার হাড় ভেঙে যাওয়ায় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। এমন পরিস্থিতিতে মেসির নির্বাচিত তালিকায় জায়গা পাওয়া তার জন্য বিশেষ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।তালিকায় আরও রয়েছেন জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের তুর্কি ফুটবলার জান উজুন, মেক্সিকোর তিহুয়ানার গিলবার্তো মোরা এবং ইংলিশ ক্লাব আর্সেনালের তরুণ ম্যাক্স ডাউম্যান। গিলবার্তো মোরাকে ঘিরে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আগ্রহের কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এ ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার নাম উল্লেখ করা হয়েছে।
ছেলেদের ফুটবলের পাশাপাশি মেয়েদের ফুটবলের উদীয়মান প্রতিভাদেরও গুরুত্ব দিয়েছে এই প্রচারণা। তালিকায় রয়েছেন ইংল্যান্ডের চেলসির ক্লোয়ি সারউই, ব্রাজিলের ওএল লিওঁর জিওভান্না ওয়াকসম্যান এবং জার্মানির হামবুর্গার এসভির লোটা ভ্রেডে।মেসির বাছাই করা বাকি তিন ফুটবলার হলেন যুক্তরাষ্ট্রের জেভিয়ার গোজো, স্পেনের হেসুস রদ্রিগেজ এবং নেদারল্যান্ডসের কেস স্মিট।
মেসির বাছাই করা ১০ তরুণ ফুটবলার
১. টমাস আরান্দা-আর্জেন্টিনা, বোকা জুনিয়র্স
২. জান উজুন-তুরস্ক, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
৩. গিলবার্তো মোরা-মেক্সিকো, তিহুয়ানা
৪. ম্যাক্স ডাউম্যান-ইংল্যান্ড, আর্সেনাল
৫. জেভিয়ার গোজো-যুক্তরাষ্ট্র, ক্রিস্টাল প্যালেস
৬. হেসুস রদ্রিগেজ-স্পেন, কোমো ১৯০৭
৭. কেস স্মিট-নেদারল্যান্ডস, এজেড আলকমার
৮. ক্লোয়ি সারউই-ইংল্যান্ড, চেলসি
৯. জিওভান্না ওয়াকসম্যান-ব্রাজিল, ওএল লিওঁ
১০. লোটা ভ্রেডে-জার্মানি, হামবুর্গার এসভি
নতুন প্রজন্মের এসব ফুটবলারকে সামনে এনে ভবিষ্যৎ ফুটবলের সম্ভাবনা তুলে ধরেছে অ্যাডিডাসের ‘মেসি +১০’ প্রচারণা। বিশ্ব ফুটবলে আগামী দিনে তাদের কে কতটা প্রভাব রাখতে পারেন, এখন সেটিই দেখার বিষয়।
তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩, ৩০ রবউসি সানি ১৪৪৮