প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৮:৪৫ পিএম (ভিজিট : )
মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংকে অর্থ তছরুপের অভিযোগে সাবেক দুই ম্যানেজার ও গার্ডসহ গ্রেফতার ৫
মো: শাহালম,তাজাখবর২৪.কম,মুন্সীগঞ্জ: মুন্সিগঞ্জের শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখায় অর্থ আত্মসাতের অভিযোগে আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ব্যাংকটির সাবেক দুই ব্যবস্থাপক, বর্তমান শাখা ব্যবস্থাপক ও দুই নিরাপত্তাকর্মী রয়েছেন।শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা এসব তথ্য নিশ্চিত করে জানান,বুধবার (৭ অক্টোবর) বিকেলে ব্যাংক শাখা থেকে তাদের নিয়ে যায় পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রেজাউল হক (৪২), এসপিও ও ব্যবস্থাপক, দিঘীরপাড় শাখা। তিনি এর আগে মুন্সিগঞ্জ শাখার ব্যবস্থাপক ছিলেন এবং বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন। মো. জিন্নাহ হোসেন (৩৪), অফিসার (ক্যাশ), সীমপাড়া শাখা। তিনি এর আগে শ্রীনগর শাখায় অফিসার (ক্যাশ) হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন।
অন্যদের মধ্যে রয়েছেন, শ্রীনগর শাখার বর্তমান ব্যবস্থাপক শরিফ উদ্দিন (৩৯)। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার নাড়াদিয়া গ্রামের বাসিন্দা। এছাড়া শ্রীনগর শাখার বেসরকারি নিরাপত্তাকর্মী রঞ্জু আহমেদ (৩০) ও আব্দুল হাই (৪২) রয়েছেন।
এদিকে অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে বুধবার সকাল থেকে শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখায় দুদকের শুনানি অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক ভুক্তভোগী গ্রাহক অংশ নেন। গ্রাহকেরা তাদের জমা টাকা ফেরত পাওয়াসহ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।এর আগে গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর পাইকপাড়া এলাকা থেকে নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা, লকারের চাবি, চেকবইসহ ব্যাংকটির ক্যাশ অফিসার শরিফুজ্জামান ওরফে সোহাগকে গ্রেপ্তার করা হয়। তিনি এ ঘটনায় প্রধান অভিযুক্ত বলে অভিযোগ রয়েছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৫ রবউসি সানি ১৪৪৮