মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের আলোচিত মামলায় পারভেজ মো. আবুল কালাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু হানিফ এ রায় ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ইফতেখার মাহমুদ।
মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৫ জুলাই রাতে চকরিয়া থানায় কর্মরত এক পুলিশ সদস্যের বাড়িতে হানা দেয় পারভেজ মো. আবুল কালামসহ কয়েকজন। এ সময় তারা বাড়ির মালামাল লুট করে এবং ওই পুলিশ সদস্যের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়।ঘটনার পর বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।মামলাটির দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত পারভেজ মো. আবুল কালামকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও ১০ বছরের কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়।আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ। তারা বলেন, এ ধরনের ঘটনা যেন আর কোনো পরিবারের সঙ্গে না ঘটে, সেটিই তাদের প্রত্যাশা। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সমাজে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে কার্যকর বার্তা যাবে বলেও তারা আশা প্রকাশ করেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩, ২৬ রবিউল আউয়াল ১৪৪৮