প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৫ পিএম (ভিজিট : )
রংপুরে ৪ খুনের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের আশ্বাস
তাজাখবর২৪.কম,রংপুর: রংপুরের ইতিহাসে অন্যতম নৃশংস ও চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসন সতর্কতার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। খুব দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট প্রদান এবং ন্যায়বিচার নিশ্চিতে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তিনি ।শনিবার (৫ সেপ্টেম্বর, ২০২৬) দুপুরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের নতুন সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্য খাতের উন্নয়ন ও আইসিইউ চালুর ঘোষণা
হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘গত ১৭ বছরে বিগত সরকারের অনিয়ম ও দুর্নীতির কারণে স্বাস্থ্য খাতসহ প্রতিটি গুরুত্বপূর্ণ খাত ধ্বংসের মুখে পতিত হয়েছিল। বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। অ্যানেসথেসিয়ালোজিস্টের সংকটের কারণে এতদিন নতুন আইসিইউ বেড চালু করা সম্ভব হয়নি, তবে ইতোমধ্যে প্রয়োজনীয় জনবল পদায়ন করা হয়েছে। আশা করছি আগামী এক মাসের মধ্যেই নতুন আইসিইউ বেডগুলো চালুর মাধ্যমে রোগীরা পূর্ণ সেবা পাবেন।’অনুষ্ঠানে জানানো হয়, প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট এই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি সার্ভিস ভবনটি নির্মিত হচ্ছে। যার বিভিন্ন ফ্লোরে জেনারেটর সাব-স্টেশন, মেনিফোল্ড রুম, ইলেকট্রিক কন্ট্রোল রুম, স্টোর রুম এবং আনসার ব্যারাক স্থাপন করা হবে।
বিপিএসসি আঞ্চলিক কার্যালয় উদ্বোধন
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পূর্বে মন্ত্রী নগরীর গুপ্তপাড়া এলাকায় নবনির্মিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।