রামুসহ কক্সবাজারের বিভিন্ন স্থানে ১ দিনের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল ৮ জন
কামাল শিশির,তাজাখবর২৪.কম, রামু (কক্সবাজার) প্রতিনিধি: এক দিনের ব্যবধানে একের পর এক দুর্ঘটনায় কক্সবাজারে প্রাণ হারিয়েছেন অন্তত আটজন। কোথাও বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, কোথাও সড়কে হঠাৎ সামনে আসা কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেছে দুই যুবকের। আবার অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন একই পরিবারের চার সদস্য। নিহতদের মধ্যে রয়েছে দুই শিশুও। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
একই সময়ে ধারাবাহিক প্রাণহানির ঘটনায় কক্সবাজারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি সড়ক ও রেলপথের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে অরক্ষিত রেলক্রসিং, ঝুঁকিপূর্ণ সড়ক ও যানবাহন চলাচলে অসতর্কতা এসব দুর্ঘটনার পেছনে কতটা দায়ী, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত রামু ও কক্সবাজার সদর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে মহেশখালীতে পৃথক দুর্ঘটনায় আরও দুজন নিহত হন।
এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে। শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় একটি সিএনজিচালিত অটোরিকশা। এতে একই পরিবারের চারজন নিহত হন।নিহতরা হলেন কাইম্যার ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩১), তাঁর বোন কাসফিয়া (২৪), কাসফিয়ার ১৮ মাস বয়সি ছেলে সাহিল এবং রুবেলের ছয় মাস বয়সী শিশুকন্যা মাশ্রুফা।
স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশায় করে দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের দিকে যাচ্ছিলেন তারা। কাটিরমাথা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে যানটি দুমড়েমুচড়ে যায়। কাসফিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান অন্য তিনজন।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলের রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত। সেখানে কোনো গেট বা গেটম্যান নেই। রেললাইনের দুই পাশে বড় বড় গাছ থাকায় সড়ক থেকে ট্রেন আসার বিষয়টিও সহজে দেখতে পান না চালকেরা। ফলে ঝুঁকি নিয়েই প্রতিদিন ওই রেলক্রসিং পার হতে হয় যানবাহন ও পথচারীদের।একই দিন সকালে রামুর খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান স্টেশন এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন নাদিম হাসান (১৬)। তিনি রত্নাপালং এলাকার নাজমুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বিপরীত দিক থেকে আসা একটি এসি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক নাদিম গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।শুক্রবার বিকেলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি শরিফুজ্জামান ভূঁইয়া। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত করা গেলে সেটিকে আইনের আওতায় আনা হবে।
এদিকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে মহেশখালীতে ঘটে আরেকটি দুর্ঘটনা। মাতারবাড়ী প্রকল্পের বন্দর সড়কে সামনে আসা একটি কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারান দুই যুবক। আহত হন আরও একজন।নিহতরা হলেন কালারমারছড়া ইউনিয়নের আকবর হাজির পাড়ার জয়নাল আবদীনের ছেলে মো. শাহীন (২৪) এবং আব্দুস ছালামের ছেলে সৌদি আরবফেরত ইকবাল (২৫)। আহত মোহাম্মদ কাইয়ুমের (২৪) বাড়িও একই এলাকায়।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩, ১০ জুমাদাস সানি ১৪৪৮