পাংশায় মা ইলিশ রক্ষার অভিযানে ২ জনের কারাদণ্ড, ৪০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস
উজ্জল হোসেন,তাজাখবর২৪.কম,পাংশা: রাজবাড়ীর পাংশায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এ মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করেন।
অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম ইলিশ মাছ জব্দ এবং ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, পাবনা জেলার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া গ্রামের মৃত অদুদ মন্ডলের ছেলে মোঃ শিপন মন্ডল (২৮) এবং একই গ্রামের মৃত খবির মন্ডলের ছেলে মোঃ বাচ্চু মন্ডল (৬৫)।অভিযানটি পরিচালনা করেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদা) মোঃ তানভীর আহমেদ।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ ৮ অক্টোবর থেকে শুরু হয়েছে। ২৯ অক্টোবর পর্যন্ত অভিযান পরিচালিত হবে। মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষায় এ অভিযানের অংশ হিসেবে পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর যৌথভাবে মোবাইল কোর্ট ও অভিযান বাস্তবায়ন করছে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ বলেন,মা ইলিশ সংরক্ষণ এবং অবৈধভাবে মাছ ধরা প্রতিরোধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের অভিযানে অবৈধভাবে মা ইলিশ ধরার অপরাধে মা ইলিশ সংরক্ষণ আইনের ধারায় ২ জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান, ৪০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস এবং ২ কেজি ৫০০ গ্রাম ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত মাছ স্থানীয় চরঝিকড়ী দারুল উলুম ইসলামিয়া মাদরাসায় প্রদান করা হয়।
তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮