তাজাখবর২৪.কম,কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার কেন্দুয়ায় মানববন্ধন করেছেন কেন্দুয়া প্রেসক্লাব। একই সঙ্গে নিহত সাংবাদিকের স্ত্রী ও দুই সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন তারা।রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টায় কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গন এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান।প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম এর সঞ্চালনায় বক্তব্য দেন দৈনিক আজকের খবর-এর মঞ্জুরা আক্তার লিলি, দিনকাল-এর সালাউদ্দীন সালাম, প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য মো. আশরাফ উদ্দীন, আমাদের সময়-এর উপজেলা প্রতিনিধি রাখাল বিশ্বাস, সমকাল-এর উপজেলা প্রতিনিধি সমরেন্দ্র বিশ্বশর্মা, যায়যায়দিন-এর রফিকুল ইসলাম রফিক এবং দৈনিক জনতার খবর-এর হারেছ উদ্দীন ফকিরসহ স্থানীয় সাংবাদিকরা।
বক্তারা বলেন, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তারা আরও বলেন, আলিফের মৃত্যুতে তাঁর স্ত্রী ও দুই ছোট সন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁদের ভরণপোষণ, আর্থিক সহায়তা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধন শেষে সাংবাদিক আলিফ হত্যার সুষ্ঠু বিচার ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বেসরকারি আইপি টেলিভিশন রূপসী বাংলার নেত্রকোনা জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির আলিফ।এ ঘটনায় শুক্রবার রাতে তাঁর স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পরে ১৭ অক্টোবর রাতে অপূর্ব (২১) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ।দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ১৭ অক্টোবর রাতে অপূর্ব (২১) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮