প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:৩১ এএম (ভিজিট : )
ছবি: সংগৃহীত
তাজাখবর২৪.কম,ঢাকা: নতুন জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নের অংশ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণ বা পে ফিক্সেশনের কাজ শুরু হচ্ছে সোমবার(৫অক্টোবর)। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে।অর্থ বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বেতনকাঠামোর ভিত্তিতে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর মূল বেতন পুনর্নির্ধারণ করা হবে আইবাস প্লাস প্লাসের বিশেষ পে ফিক্সেশন মডিউলের মাধ্যমে। এ জন্য চাকরিজীবীদের অনলাইনে বেশ কিছু তথ্য দিতে হবে।পে ফিক্সেশনের সময় সরকারি চাকরিজীবীদের দিতে হবে, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ, বর্তমান পদবি, বর্তমান গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ, ৩০ জুন ২০২৬ তারিখে পাওয়া মূল বেতন, আগের বেতন নির্ধারণের তথ্য, পদোন্নতির তথ্য, উচ্চতর গ্রেড পাওয়ার তথ্য।
এসব তথ্য যাচাই-বাছাই করে নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর নতুন মূল বেতন নির্ধারণ করা হবে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পে ফিক্সেশন সম্পন্ন হওয়ার পর নতুন কাঠামোর বেতনের পাশাপাশি প্রায় তিন মাসের বকেয়াও পাওয়ার সুযোগ রয়েছে সরকারি চাকরিজীবীদের। তবে সবার বকেয়ার পরিমাণ এক হবে না।নতুন ও পুরনো মূল বেতনের পার্থক্য এবং নতুন বেতন কার্যকরের সময় বিবেচনায় নিয়ে বকেয়া হিসাব করা হবে। ফলে কর্মচারীর গ্রেড, বর্তমান মূল বেতন, পদোন্নতি এবং উচ্চতর গ্রেড পাওয়ার ইতিহাস অনুযায়ী বকেয়ার পরিমাণ ভিন্ন হতে পারে।অনলাইনে তথ্য দেওয়ার পর সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয় তা যাচাই করবে। তথ্য ও প্রয়োজনীয় নথির মধ্যে কোনো অসংগতি পাওয়া গেলে তা সংশোধনের সুযোগ থাকবে।এ কারণে পে ফিক্সেশনের আগে নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ, পদবি, গ্রেড এবং বেতনসংক্রান্ত তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করে দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকার গত ১৯ সেপ্টেম্বর ১১ বছর পর নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করে। নতুন কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা।
তবে পুরো বেতন একসঙ্গে কার্যকর না করে দুই অর্থবছরে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বেতনকাঠামোর প্রথম দুই ধাপ বাস্তবায়নে চলতি অর্থবছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।নতুন পে ফিক্সেশনে কিছু কারিগরি ও প্রশাসনিক জটিলতাও দেখা দিয়েছে। বিশেষ করে আগের বেতনকাঠামোয় টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা একাধিক উচ্চতর গ্রেড পাওয়া কর্মচারীদের নতুন বেতন নির্ধারণ নিয়ে কিছু প্রশ্ন তৈরি হয়েছে।অর্থ বিভাগ এসব বিষয় পর্যালোচনা করে সমাধানের চেষ্টা করছে বলে জানা গেছে।পে ফিক্সেশন চূড়ান্ত হওয়ার পর নতুন মূল বেতনের ভিত্তিতে বেতন বিল প্রস্তুত করা হবে। একই সঙ্গে জুলাই থেকে প্রাপ্য বকেয়ার হিসাবও নির্ধারণ করা হবে। ফলে চলতি মাসেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতনের প্রথম সুবিধার পাশাপাশি কয়েক মাসের বকেয়া পাওয়ার সুযোগ পাবেন।
তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২৩ রবউসি সানি ১৪৪৮