তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের সাদ্দাম আলম ভূইয়া তন্ময় (২৮) নামে এক যুবককে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত তিনি এখনো কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর জ্ঞান এখনো পুরোপুরি ফেরেনি বলে স্বজনরা জানিয়েছেন।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা থেকে সাড়ে ৯টার দিকে কেন্দুয়া থেকে পিজাহাতি গ্রামের রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি পেছন থেকে তন্ময়কে ঝাপটে ধরে। একপর্যায়ে তাকে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে পলিথিন দিয়ে মাথা ঢেকে নাক-মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় বলে তার পিতা বিএনপি নেতা ও মাসকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহুরুল আলম ভূঁইয়া জানান।
তিনি স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানান,ধস্তাধস্তির একপর্যায়ে পলিথিন ছিঁড়ে গেলে তন্ময় ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করতে থাকলে এক পথচারির হাতে থাকা টর্চের আলো দেখতে পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। শেষরাতের দিকে আংশিক জ্ঞান ফিরলে ঘটনার কিছু অংশ বলে আবার অজ্ঞান হয়ে পড়ে।
সাদ্দাম আলম ভূইয়া তন্ময় কেন্দুয়া উপজেলা জাসাসের সাবেক সদস্য সচিব ছিলেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার বিষয়ে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়েরের করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে তার পিতা জহুরুল আলম ভূঁইয়া স্বপন জানান। তবে হামলার সঙ্গে কারা জড়িত, কী কারণে এ ঘটনা ঘটেছে এবং চেতনানাশক কোনো পদার্থ ব্যবহার করা হয়েছিল কি না—এসব বিষয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান,খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং সাদ্দাম আলম ভূঁইয়া তন্ময়ের পিতা জহুরুল আলম ভূঁইয়া স্বপন সাহেব এসেছিলেন- কথা হয়েছে।বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে
তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩, ০৯ রবউিস সানি ১৪৪৮