বেগমগঞ্জে অটোরিকশা চালকের উপর হামলা ও লুটপাটের অভিযোগ
এম জি বাবর,তাজাখবর২৪.কম, বেগমগঞ্জ (নোয়াখালী): নোয়াখালীর বেগমগঞ্জে রাব্বি হোসেন রাকিব (২২) এক সিএনজি চালিত অটোরিকশা চালককে ধরে নিয়ে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।১২ আগস্ট বুধবার রাত ৯টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে ১নম্বর ওয়ার্ডের ভবভদ্রি গ্রামের চুল্লার বাড়ির পিছনে এ ঘটনা ঘটে।আহত রাকিব একই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ছোট সোনাইমুড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে।
ভুক্তভোগী রাকিব অভিযোগ করে বলেন, রাতে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে বাজার করে স্থানীয় হায়দার বাড়ির দরজায় ভাড়া বাসায় যাওয়ার পথে একদল অস্ত্রধারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় তার অটোরিকশার গতিরোধ করে। পরে পিস্তল ঠেকিয়ে তাকে অটোরিকশা থেকে নামিয়ে আলাইয়াপুর ইউনিয়ন পরিষদের পাশে চুল্লার বাড়ির পেছনে নিয়ে যায়। সেখানে একই ইউনিয়নের আলমগীর (৩০), রাজন (২৮), রিপন (২১) ও আলম (২৮) তার কাছে এক লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার কাছ থেকে নগদ ১৫শত টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা তাঁকে মারধর করে গুরুতর আহত করে।
এসময় তিনি পাশের ডোবায় লাফ দিয়ে পালিয়ে যান। আহত অবস্থায় তাঁকে বেগমগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামছুজ্জামান বলেন, এক ব্যক্তিকে সন্ত্রাসীরা ধরে নিয়ে গেছে এ খবর পেয়েছি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ কোন করেনি। করলে তদন্ত শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।