প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৩৭ পিএম (ভিজিট : )
মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ৬ হাজার ৮০৩ মিয়ানমারের নাগরিককে ডিসেম্বরে নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা
আব্দুল কাদের, তাজাখবর২৪.কম,মালয়েশীয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ৬ হাজার ৮০৩ জন মিয়ানমারের নাগরিককে আগামী ডিসেম্বর মাসে নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তাঁদের মধ্যে ১ হাজার ৫০০ জনকে নৌবাহিনীর তিনটি জাহাজে এবং বাকি ৫ হাজার ৩০৩ জনকে বিমানে করে ফেরত পাঠানো হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মালয়েশিয়ার সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ৬ ও ৭ ডিসেম্বর তিনটি নৌযানে করে ১ হাজার ৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে পাঠানো হবে। এ ছাড়া ডিসেম্বর মাসে মিয়ানমার সরকারের খরচে আরও ৫ হাজার ৩০৩ জনকে বিমানে করে ফিরিয়ে নেওয়া হবে।
এদিকে গত সেপ্টেম্বরের শেষ দিকে প্রায় ১ হাজার ৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছিল। তবে সেই প্রত্যাবাসন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে। সম্প্রতি ফেরত পাঠানো কয়েক শ মানুষকে মিয়ানমারের সামরিক বাহিনীর হেফাজতে আটকে রাখার অভিযোগও ওঠে। এ বিষয়ে মালয়েশিয়া মিয়ানমার সরকারের কাছে ব্যাখ্যা চাওয়ার কথা জানিয়েছিল।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩, ১4 জুমাদাস সানি ১৪৪৮