ইসরাইলের নির্বাচনে ভোট গণনা সম্পন্ন, এগিয়ে নেতানিয়াহুর দল
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১১:১৭ এএম  (ভিজিট : )
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের নির্বাচনে ভোট গণনা শেষে নিশ্চিত হয়েছে, পরবর্তী নেসেটে (ইসরাইলি পার্লামেন্ট) সবচেয়ে বড় দল হিসেবে জায়গা করে নিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। তবে তার নেতৃত্বাধীন ডানপন্থি জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে।ইসরাইলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির (সিইসি) প্রকাশিত এবং দ্য জেরুজালেম পোস্ট-এর উদ্ধৃত সরকারি তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, তাকে ক্ষমতা থেকে সরাতে চাওয়া বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন।এর ফলে ১২০ সদস্যের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন থেকে উভয় পক্ষই অনেকটা পিছিয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে সম্মিলিতভাবে ১৯টি আসন পাওয়া আরব দলগুলো সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।বাকি ‘ডাবল-এনভেলপ ব্যালটের’ ভোট গণনা শেষে প্রকাশিত চূড়ান্ত ফলাফলে লিকুদ পার্টি ২৭টি আসন পেয়ে বৃহত্তম দল হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। ইউনাইটেড তোরাহ জুডাইজম ও ওতজমা ইয়েহুদিত পেয়েছে সাতটি করে আসন। অন্যদিকে, শাস ও রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি পেয়েছে ছয়টি করে আসন।

নির্বাচনের আগে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রকাশিত জনমত জরিপের পূর্বাভাসের সঙ্গে চূড়ান্ত ফলাফলের বেশ কিছু পার্থক্য দেখা গেছে। এসব জরিপে লিকুদের আসনসংখ্যা তুলনামূলক কম হওয়ার পাশাপাশি দলটির কয়েকটি মিত্র দলের ভালো করার পূর্বাভাস দেওয়া হয়েছিল।কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় এখন জোর আলোচনা শুরু হয়েছে জোট সরকার গঠন, সংখ্যালঘু সরকার কিংবা জাতীয় ঐক্যের সরকার প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে।চূড়ান্ত ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করবেন বলে আশা করা হচ্ছে। এরপর তিনি সরকার গঠনের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে বলে মনে করেন, এমন একজন প্রার্থীকে সরকার গঠনের দায়িত্ব দেবেন।

মনোনীত ওই নেতা সরকার গঠনে ব্যর্থ হলে বিকল্প কোনো নেতাকে দায়িত্ব দেওয়া হতে পারে। আর নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব না হলে শেষ পর্যন্ত নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।লিকুদ পার্টির পাশাপাশি গাদি আইজেনকোটের ইয়াশার, নাফতালি বেনেটের টুগেদার মুভমেন্ট এবং আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু পার্টিকে নিয়ে একটি জাতীয় ঐক্যের সরকার গঠিত হলে তাত্ত্বিকভাবে ৬৬টি আসনের সমর্থন পাওয়া সম্ভব।তবে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর অঙ্গীকার করে নির্বাচনী প্রচারণা চালানো বিরোধী দলগুলোর সঙ্গে এমন সমঝোতা আপাতত কঠিন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি নেতানিয়াহুর সরকার গঠনের ক্ষেত্রে কট্টর ডানপন্থি ও অতি-গোঁড়া ইহুদি দলগুলোর ওপর নির্ভরশীলতাও এ ধরনের সমীকরণকে জটিল করে তুলেছে।অন্যদিকে, আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট যদি বাইরে থেকে সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠনের উদ্যোগ নেয়, তাহলে আরব দলগুলোর সম্মিলিত আসনসংখ্যা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

এদিকে, নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশের সময় ভোটে হস্তক্ষেপ ও জালিয়াতির অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। আরব জনগোষ্ঠীর ভোটের প্রবণতায় বিদেশি কোনো পক্ষ প্রভাব বিস্তারের চেষ্টা করেছে কি না, সে বিষয়ে তদন্তের জন্য ইসরাইলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান নোয়াম সোলবার্গ আনুষ্ঠানিকভাবে শিন বেতের প্রধান ডেভিড জিনির কাছে অনুরোধ জানিয়েছেন।তবে নির্বাচন কমিটি জানিয়েছে, নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা পদ্ধতিগতভাবে ক্ষুণ্ন হয়েছে, এমন অভিযোগের পক্ষে কোনো প্রমাণভিত্তিক তথ্য পাওয়া যায়নি।
সূত্র: গালফ নিউজ

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩, ১৭ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝