পাকিস্তানের ওয়ানডে দল থেকে বাদ সাইম আইয়ুব, ডাক পেলেন ফারহান
তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে ঘরের মাঠে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের বাকি অংশের জন্য পাকিস্তান জাতীয় দল থেকে ব্যাটিং অলরাউন্ডার সাইম আইয়ুবকে অব্যাহতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার (২৬ অক্টোবর) এ ঘোষণা দেয় বোর্ড। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই সিরিজ।
সাম্প্রতিক সময়ে ওয়ানডে ফরম্যাটে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে ছিলেন আইয়ুব। গত বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে অর্ধশতকের দেখা পেয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। এরপর পাঁচ ইনিংসে ১২ গড়ে মাত্র ৬০ রান করেছেন তিনি। ২৪ বছর বয়সী এই ক্রিকেটার ঘরের মাঠে চলমান ত্রিদেশীয় সিরিজেও রান পেতে সংগ্রাম করেছেন। তিনটি ইনিংসে তার সংগ্রহ যথাক্রমে ৭, ৮ ও ৬ রান।ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগের দিন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি অবশ্য আইয়ুবকে দল থেকে বাদ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন। তবে প্রধান কোচ মাইক হেসনের সঙ্গে আলোচনায় নিজের সাম্প্রতিক ব্যর্থতা স্বীকার করে ঘরোয়া ক্রিকেটে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন আইয়ুব। ব্যাটিংয়ের ছন্দ ও আত্মবিশ্বাস ফিরে পেতেই তার এই সিদ্ধান্ত।
এরপর জাতীয় নির্বাচক কমিটি ও দলের ম্যানেজমেন্ট পারস্পরিক আলোচনার মাধ্যমে আইয়ুবের অনুরোধ গ্রহণ করে। নিজের বর্তমান ফর্ম সম্পর্কে তার সৎ মূল্যায়নেরও প্রশংসা করেছে তারা।পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, 'প্রধান কোচের সঙ্গে আলোচনার পর সাইম ঘরোয়া ক্রিকেটে ফিরে গিয়ে ব্যাটিংয়ের ফর্ম নিয়ে কাজ করা এবং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।'বিবৃতিতে আরও বলা হয়, 'সাইমের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এবং তার বর্তমান ফর্ম সম্পর্কে সৎ মূল্যায়নের প্রশংসা করে দলের ম্যানেজমেন্ট ও জাতীয় নির্বাচক কমিটি যৌথভাবে তার অনুরোধ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।'
সাইমের পরিবর্তে দলে সাহিবজাদা ফারহান:
সাইম আইয়ুবের পরিবর্তে ত্রিদেশীয় সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য টপ অর্ডার ব্যাটার সাহিবজাদা ফারহানকে দলে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তানের নির্বাচক কমিটি।পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ফারহান এখন পর্যন্ত দেশের হয়ে ছয়টি ওয়ানডে খেলেছেন। দীর্ঘ সংস্করণের ক্রিকেটে তার সর্বশেষ উপস্থিতি ছিল চলতি বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের অ্যাওয়ে সিরিজে।পিসিবি জানিয়েছে, 'জাতীয় নির্বাচক কমিটি পরবর্তীতে ত্রিদেশীয় সিরিজের বাকি অংশের জন্য সাইমের পরিবর্তে সাহিবজাদা ফারহানকে মনোনীত করেছে।'
উল্লেখ্য, এই দলীয় পরিবর্তনের আগের দিনই ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর এক উইকেটের জয় পেয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। মঙ্গলবার (২৭ অক্টোবর) গাদ্দাফি স্টেডিয়ামে লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকেরা।ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের জন্য পাকিস্তানের হালনাগাদকৃত দল: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, সালমান আলী আগা, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), হারিস রউফ, হাসান নওয়াজ, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটকিপার), সাহিবজাদা ফারহান, শাদাব খান ও মাআজ সাদাকাত।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮