শেষ হচ্ছে নেতানিয়াহু যুগ নাকি আবার ক্ষমতায়, ফয়সালা আজ
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:২৩ এএম  (ভিজিট : )
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক:গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ, লাখ লাখ ফিলিস্তিনির বাস্তুচ্যুতি, চরম গোয়েন্দা-নিরাপত্তা ত্রুটি ও দুর্নীতির তীব্র বিতর্কের মধ্যেই শুরু হয়েছে ইসরাইলের ভাগ্য নির্ধারণী নির্বাচন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে ইসরাইলি পার্লামেন্ট ‘নেসেট’-এর ১২০টি আসনে ভোট দিচ্ছেন দেশটির প্রায় ৭৩ লাখ নিবন্ধিত ভোটার। প্রধান দুই রাজনৈতিক শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মেলায় দীর্ঘদিনের শাসনক্ষমতায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনাও তৈরি হয়েছে।ইসরাইলের নির্বাচনী নিয়ম অনুযায়ী নাগরিকরা সরাসরি কোনো প্রধানমন্ত্রী প্রার্থীকে ভোট দেন না, বরং তাদের পছন্দসই রাজনৈতিক দলকে ভোট দিয়ে থাকেন। নেসেটে আসন পাওয়ার জন্য প্রতিটি দলকে অন্তত ৩.২৫ শতাংশ থ্রেশহোল্ড ভোট পেতে হয়। প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হার অনুযায়ী দলগুলোর মধ্যে ১২০টি আসন বণ্টন করা হয়। এককভাবে কিংবা অন্যদের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করতে হলে কোনো পক্ষকে ন্যূনতম ৬১টি আসন নিশ্চিত করতে হয়।

বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নিজস্ব দল ‘লিকুদ’-কে কেন্দ্র করে উগ্র ডানপন্থি ও ধর্মীয় জাতীয়তাবাদী জোটের নেতৃত্ব দিচ্ছেন। তার এই জোটে শক্তিশালী শরিক হিসেবে রয়েছে ইতামার বেন-গভিরের ‘জিউইশ পাওয়ার’ ও বেজালেল স্মোত্রিচের ‘রিলিজিয়াস জায়োনিজম’। এ ছাড়া অতি-রক্ষণশীল ধর্মীয় দল ‘শাস’ ও ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’-কেও নেতানিয়াহুর শিবিরের সম্ভাব্য সঙ্গী হিসেবে বিবেচনা করা হচ্ছে।অন্যদিকে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ হয়েছে প্রধান বিরোধী দলগুলো। এই শিবিরে রয়েছে ‘ইয়াশার’, ‘টুগেদার’, ‘ইসরাইল বেইতেনু’ এবং ‘ডেমোক্র্যাটস’। নির্বাচনে জয় পেলে বিরোধী শিবির থেকে কে প্রধানমন্ত্রী হবেন তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও, সাবেক সেনাপ্রধান ও ইয়াশার প্রধান গাদি আইজেনকট এ ক্ষেত্রে বেশ এগিয়ে রয়েছেন। তার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এবং বিরোধী নেতা ইয়ার লাপিদও সরকারপ্রধান হওয়ার শক্তিশালী দাবিদার।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের সাম্প্রতিক সমীক্ষার তথ্য অনুযায়ী, লিকুদ ও ইয়াশার ২২টি করে, টুগেদার ১৪টি এবং ডেমোক্র্যাটস ও জয়েন্ট লিস্ট ৯টি করে আসন পেতে পারে। এ ছাড়া জিউইশ পাওয়ার, শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজম ৮টি করে, ইসরাইল বেইতেনু ও রিলিজিয়াস জায়োনিজম ৭টি করে এবং রা’আম ৫টি আসন পেতে পারে।এই জরিপের পূর্বাভাস সত্যি হলে নেতানিয়াহুর কট্টর ডানপন্থি জোট পেতে পারে মোট ৫৩টি আসন এবং বিরোধী জোটের ঝুলিতে যেতে পারে ৫২টি আসন। ফলে কোনো পক্ষেরই এককভাবে সরকার গঠনের ন্যূনতম ৬১টি আসন পাওয়ার সম্ভাবনা বেশ কম। এমন পরিস্থিতিতে ইসরাইলি-ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠার সুযোগ ছিল। তবে বিরোধী নেতা গাদি আইজেনকটসহ প্রধান নেতারা আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনে অনাগ্রহ প্রকাশ করেছেন।ফলে সমঝোতা সম্ভব না হলে দেশটিতে আবারও পুনর্নির্বাচনের পথ উন্মুক্ত হতে পারে, আর নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে বহাল থেকে যাবেন নেতানিয়াহুই। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাস হামলার পর এটিই প্রথম নির্বাচন হওয়ায় রাষ্ট্রের গোয়েন্দা ব্যর্থতা এবং ধর্মীয় শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতির মতো বিতর্কিত বিষয়গুলো নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলছে।নির্বাচন নিয়ে গাজার বাস্তুচ্যুত নাগরিক মোহাম্মদ ইলিয়ান আল-জাজিরাকে বলেন, 'নেতানিয়াহু হেরে গেলেও ইসরায়েলের ফিলিস্তিন নীতিতে খুব একটা বড় পরিবর্তন আসবে বলে মনে হয় না। তবে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করা নেতানিয়াহুর পরাজয় দেখতে পারাটাই আমাদের জন্য বড় সন্তুষ্টির।'

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩, ১৪ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝