প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২০ পিএম (ভিজিট : )
আর্জেন্টাইন ক্লাবের ৮৭ বছরের বিশ্ব রেকর্ড ভাঙল আল নাসর
তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: ৮৭ বছর ধরে অক্ষুণ্ন থাকা রিভার প্লেটের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। ঘরোয়া লিগে টানা ৯৪ ম্যাচে গোল করার কীর্তি গড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।রেকর্ড ভাঙতে আল নাসরের সময় লেগেছে প্রায় তিন বছর। ২০২৩ সালের ৮ ডিসেম্বর আল-রিয়াদের বিপক্ষে ৪-১ গোলের জয় দিয়ে শুরু হয় তাদের টানা গোলের এই যাত্রা। এরপর সৌদি প্রো লিগের প্রতিটি ম্যাচেই অন্তত একবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে দলটি।
গত ৯ সেপ্টেম্বর আবহার বিপক্ষে ২-১ গোলের জয়ে রোনালদোর করা গোলের মাধ্যমে ৯৩ ম্যাচের পুরোনো রেকর্ডে ভাগ বসায় আল নাসর। এরপর আল খালিজের বিপক্ষে পরের ম্যাচেই আসে ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণ।আল খালিজের বিপক্ষে আল নাসরের হয়ে গোল করেন আবদুল্লাহ আল-হামদান। তার গোলেই টানা ৯৪ লিগ ম্যাচে গোল করার কীর্তি গড়ে দলটি। একই সঙ্গে পতন ঘটে ১৯৩০-এর দশক থেকে টিকে থাকা আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের রেকর্ডের।১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৯৩টি ঘরোয়া লিগ ম্যাচে গোল করেছিল রিভার প্লেট। সেই বিখ্যাত দল ‘লা মাকিনা’র হয়ে খেলেছিলেন হোসে ম্যানুয়েল মোরেনো ও অ্যাডলফো পেদেরনেরার মতো কিংবদন্তি ফুটবলাররা। ওই ৯৩ ম্যাচে রিভার প্লেটের গোলসংখ্যা ছিল ৩০১।
দীর্ঘ ৮৭ বছর পর সেই কীর্তিতে ছেদ টানল আল নাসর। রেকর্ড গড়ার এই অভিযানে অন্যতম বড় ভূমিকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। ২০২৩ সালে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই আল নাসরের আক্রমণভাগের অন্যতম প্রধান শক্তি তিনি। রেকর্ড স্পর্শ করার ম্যাচে আবহার বিপক্ষে গোল করে নতুন ইতিহাসের দরজাও খুলে দিয়েছিলেন পর্তুগিজ এই তারকা।তবে রিভার প্লেটের আরও একটি কীর্তি এখনো অক্ষত রয়েছে। শুধু লিগ নয়, সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯৬ ম্যাচে গোল করেছিল আর্জেন্টাইন ক্লাবটি। এর মধ্যে ছিল ৯৩টি লিগ ম্যাচের পাশাপাশি পেনিয়ারোলের বিপক্ষে দুটি এবং রোজারিও সেন্ট্রালের বিপক্ষে একটি কাপ ম্যাচ।সেই রেকর্ড আপাতত অক্ষত থাকলেও ঘরোয়া লিগে নতুন ইতিহাস লিখেছে আল নাসর। ৮৭ বছর ধরে রিভার প্লেটের দখলে থাকা রেকর্ড এখন ক্রিশ্চিয়ানো রোনালদোদের সৌদি ক্লাবটির।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩, ০৩ রবিউস সানি ১৪৪৮