উজ্জল হোসেন,তাজাখবর২৪.কম, পাংশা : রাজবাড়ীর পাংশায় বসতবাড়িতে অনুমোদনহীনভাবে ‘ফ্লেভার ড্রিংকস রোব’ ও ‘ড্রিংকো’ জাতীয় পানীয় উৎপাদনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, শিশু-কিশোরদের কাছে জনপ্রিয় এসব পানীয়ের উৎপাদন ও বাজারজাত নিয়ে যথাযথ নজরদারি প্রয়োজন।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া গ্রামের ওই বাড়িতে সরেজমিনে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ঘরটিতে তালা দিয়ে সরে যান সংশ্লিষ্টরা। পরে কারখানার মালিক মো. লাল মিয়া উপস্থিত হলেও তালা খুলতে রাজি হননি।জানালা দিয়ে দেখা যায়, ঘরের ভেতরে পানীয় তৈরির মেশিন ও বিভিন্ন সরঞ্জাম রয়েছে। তবে তালাবদ্ধ থাকায় উৎপাদন কার্যক্রম সরাসরি যাচাই করা সম্ভব হয়নি।
কারখানার মালিক লাল মিয়া দাবি করেন, বর্তমানে তার কোনো ব্যবসা নেই এবং মেশিনটি বিক্রি করে দিয়েছেন। তিনি জানান, আগে ঢাকার চক থেকে শাহজালাল কোম্পানির কাছ থেকে পানীয় তৈরির উপাদান সংগ্রহ করতেন। তবে উৎপাদন ও বাজারজাতের কোনো অনুমোদনপত্র দেখাতে পারেননি।পাংশা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তৈয়বুর রহমান জানান, অননুমোদিতভাবে কারখানা পরিচালনার কারণে এর আগে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছিল এবং কারখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশ অমান্য করে পুনরায় কার্যক্রম চালু করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়দের অভিযোগ, অনুমোদন ও মান নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত না করে এসব পানীয় বাজারজাত করা হলে বিশেষ করে শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩, ০৬ রবিউল আউয়াল ১৪৪৮