প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৯:৩৭ পিএম (ভিজিট : )
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি নোবিপ্রবি উপাচার্য
আবদুল মোতলেব,তাজাখবর২৪.কম,নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী লক্ষ্মীপুরে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ ও প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে আয়োজিত মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) প্রতিষ্ঠানটির মুক্তমঞ্চে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আজকের এই সংবর্ধনা তোমাদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতের পথচলায় আরও বড় স্বপ্ন দেখার প্রেরণা যোগাবে বলে আমার বিশ্বাস। এই সাফল্য শুধুমাত্র তোমাদের ব্যক্তিগত অর্জন নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে অভিভাবক, শিক্ষক এবং প্রতিষ্ঠানের নিরলস শ্রম ও ত্যাগ। তাই এই অর্জনের জন্য অভিভাবক ও শিক্ষকদেরও অভিনন্দন জানাই। উপাচার্য আরও বলেন, জিপিএ-৫ জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিই চূড়ান্ত সাফল্য নয়। জীবনের প্রকৃত সাফল্য নির্ভর করবে তোমরা কতটা মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারছো তার ওপর। এ সময় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনার পাশাপাশি এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি ও প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর কাজী সায়মা বিনতে ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মো. নুরুল আমিন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার কাজী রাসেল, পিকেএফএস স্কুলের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান জনাব মিজানুর রহমান ভূইয়া, রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো. তৌহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মেহেদী হাসান কাউছার।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীকে বিএনসিসি সদস্যরা গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে অন্যান্য কর্মসূচির মাঝে ছিলো- বৃক্ষরোপণ, জাতীয় সংগীত পরিবেশন, ডকুমেন্টারি প্রদর্শন ও আমন্ত্রিত অতিথিদের সংবর্ধনা প্রদান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩, ০৬ রবিউল আউয়াল ১৪৪৮