প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:০০ পিএম (ভিজিট : )
অবশেষে প্রেসক্লাব যশোরের সদস্য ফরম বিতরণ শুরু
এসএম সেলিম,তাজাখবর২৪.কম,যশোর ব্যুরো: প্রেসক্লাব যশোরের নতুন সদস্যপদ প্রধানের লক্ষ্যে সদস্য ফরম বিতরণ কার্যক্রম গতকাল বুধবার থেকে ক্লাব প্রাঙ্গনে শুরু হয়েছে। ফরম বিতরণ চলবে ১৪ আগস্ট রাত ৮ টা পর্যন্ত।আবেদন ফরম জমা দেওয়া যাবে ১৫ আগস্ট রাত ৮ টা পর্যন্ত। গত মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক শামসুর রহমান মিলনায়তনে আহ্বায়ক কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সম্পাদক প্রেসক্লাব যশোরের আহবায়ক একরাম- উদ-দ্দৌলা। সদস্য সচিব মবিনুল ইসলাম মবিনের সঞ্চালনায় এডহক কমিটির অন্যান্য সদস্য যারা উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক ফকির শওকত,আহসান কবীর বাবু, আনোয়ারুল কবির নান্টু, ওয়াহাবুজ্জামান ঝন্টু, আমিনুর রহমান মামুন, নুর ইসলাম, সারোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন,এম আইউব ও আকরামুুজ্জামান। বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন প্রেসক্লাব নির্বাচনের আগে ক্লাবের সদস্য পদ প্রদানের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সদস্য ফরম বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বুধবার সকাল ১০ টা থেকে প্রেসক্লাব যশোর কার্যালয় থেকে নির্ধারিত মূল্যে সদস্য ফরম সংগ্রহ করা যাবে। ফরম সংগ্রহ করার পর ১৫ আগস্ট রাত ৮ টার মধ্যে প্রেসক্লাব কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর কোন আবেদন ফরম গ্রহণ করা হবে না। সদস্যপদের আবেদনকারীদের ফরমের সঙ্গে সংশ্লিষ্ট মিডিয়া প্রতিষ্ঠানের পাঁচ বছর আগের নিয়োগ পত্রের ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, কর্মরত প্রতিষ্ঠানের পরিচয় পত্রের ফটোকপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে বলা হয়েছে। ক্লাব সহকারী রফিকুল ইসলামের কাছ থেকে ফরম নেয়া এবং জমা দেয়া যাবে।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩, ২৮ সফর ১৪৪৭