তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে নতুন এক অধ্যায়ের নাম লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে আর্জেন্টাইন মহাতারকা ভেঙে দিয়েছেন মিরোস্লাভ ক্লোজার দীর্ঘদিনের বিশ্বকাপ গোলের রেকর্ড। আর নিজের রেকর্ড হারিয়েও ক্লোজার প্রতিক্রিয়া ছিল প্রশংসায় ভরা।ডালাসে অনুষ্ঠিত ম্যাচের আগে বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডটি যৌথভাবে ধরে রেখেছিলেন ক্লোজা ও মেসি। তবে অস্ট্রিয়ার বিপক্ষে দুই গোল করে নিজের মোট গোলসংখ্যা ১৮-তে নিয়ে যান মেসি। ফলে বিশ্বকাপ ইতিহাসের একক সর্বোচ্চ গোলদাতা এখন তিনি।রেকর্ড হারানোর পর জার্মান কিংবদন্তি ক্লোজা কোনো আক্ষেপ করেননি, বরং মেসিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, 'আমার কাছে লিওনেল মেসিই সর্বকালের সেরা। অভিনন্দন চ্যাম্পিয়ন!'
২০০২ থেকে ২০১৪ পর্যন্ত চারটি বিশ্বকাপে ২৪ ম্যাচ খেলে ১৬ গোল করেছিলেন ক্লোজা। অন্যদিকে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে থাকা মেসি ২৮ ম্যাচে পৌঁছে গেছেন ১৮ গোলে। তবে পরিসংখ্যানে এখনও কিছু জায়গায় এগিয়ে আছেন ক্লোজা। বিশ্বকাপে তার গোল রূপান্তরের হার ২৪ শতাংশ, যেখানে মেসির ১৫ শতাংশ। প্রতি গোল করতে ক্লোজার সময় লেগেছে গড়ে ১১২ মিনিট, মেসির ১৩৮ মিনিট।তবে সংখ্যার বাইরে একটি বড় পার্থক্যও রয়েছে। ক্লোজা ছিলেন খাঁটি স্ট্রাইকার, আর মেসি মূলত প্লে-মেকার। সেই ভূমিকায় খেলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩, ৭ মহারম, ১৪৪৭