তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: প্রসিধ কৃষ্ণর আগুনঝরা বোলিং আর জয়সওয়ালের ঝকঝকে সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দাপুটে সমাপ্তি টানল ভারত। চেন্নাইয়ে তৃতীয় ও শেষ ম্যাচে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকরা।টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। মাত্র ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। প্রথম বলেই রহমনউল্লাহ গুরবাজকে ফেরানোর পর রহমাত শাহ, ইব্রাহিম জাদরান ও দারভিশ রসুলিকেও সাজঘরে পাঠান প্রসিধ কৃষ্ণ।বিপর্যয়ের মধ্যে অধিনায়ক হাশমাতউল্লাহ শহীদি ও আজমাতউল্লাহ ওমারজাই দলের হাল ধরেন। পঞ্চম উইকেটে ১০৫ রানের জুটি গড়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন তারা। ওমারজাই ৫০ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন শহীদি। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ১০২ রান করেন আফগান অধিনায়ক। তার লড়াকু ইনিংসে ভর করে ২১৮ রানে পৌঁছায় আফগানিস্তান। ভারতের হয়ে ২৩ রান খরচায় ৫ উইকেট নেন কৃষ্ণ।
জয়ের লক্ষ্যে নেমে শুরু থেকেই আফগান বোলারদের ওপর চড়াও হন রোহিত শর্মা ও জয়সওয়াল। উদ্বোধনী জুটিতে ১৭০ রান যোগ করে ম্যাচ একপেশে করে দেন তারা। রোহিত ৭৯ রান করে আউট হলেও থামেননি জয়সওয়াল।মাত্র ৮৬ বলে ১১০ রানের অপরাজিত ইনিংস খেলেন বাঁহাতি ওপেনার। ১৪টি চার ও ৩টি ছক্কায় সাজানো ইনিংসটি ভারতকে সহজ জয় এনে দেয়। ২৮.৪ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। ম্যাচসেরা হন প্রসিধ কৃষ্ণ, আর সিরিজসেরা হন শুভমান গিল।
তাজাখবর২৪.কম,ঢাকা:রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩, ৫ মহারম, ১৪৪৭