প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:৩৯ পিএম (ভিজিট : )
নরসিংদীতে শিল্পের বিকাশে করণীয় বিষয়ক ব্যবসায়ী ও উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত
ইকরামুল কবীর জিহান,তাজাখবর২৪.কম,নরসিংদী সদর প্রতিনিধি: নরসিংদীতে শিল্পের উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং ব্যবসায়ীদের নৈতিক ও সামাজিক দায়িত্ব পালনের আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘শিল্পের বিকাশ এবং আমাদের করণীয়’ শীর্ষক সম্মেলন।শনিবার (১৪ নভেম্বর) দুপুর ২টায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নরসিংদী বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।
নরসিংদীতে শিল্পের বিকাশে করণীয় বিষয়ক ব্যবসায়ী ও উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত
নরসিংদী জেলা শাখার সভাপতি মো. আব্দুল জাব্বারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. জাফর উল্লাহ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ডা. মুহাম্মদ আনোয়ারুল আজিম, জেলা শাখার প্রধান উপদেষ্টা মো. ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ টেক্সটাইল, ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি আব্দুল মোমেন মোল্লা, ঢাকা অঞ্চল দক্ষিণের সেক্রেটারি গোলাম সারোয়ার সাঈদ এবং নূর নাবিলা ডিজিটাল প্রিন্টিং মিলসের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম। এ সময় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিল্প ও ব্যবসার প্রসারের পাশাপাশি সমাজের সার্বিক উন্নয়নেও ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ব্যবসাকে কেবল মুনাফা অর্জনের মাধ্যম হিসেবে বিবেচনা না করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি উত্তম উপায় হিসেবে গ্রহণ করতে হবে। সততা, নৈতিকতা ও হালাল উপার্জনের ভিত্তিতে ব্যবসা পরিচালনার মাধ্যমে এমন একটি আদর্শ ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে মানুষের কাছে ইসলামের সৌন্দর্য ও প্রকৃত শিক্ষা প্রতিফলিত হয়।
তাঁরা আরও বলেন, দেশের শিল্প ও ব্যবসা খাতকে এগিয়ে নিতে নতুন উদ্যোক্তা তৈরি, সফল ও সৎ ব্যবসায়ী গড়ে তোলা এবং পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার ভিত্তিতে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করা জরুরি। এ লক্ষ্যে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।উল্লেখ্য, ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি ব্যবসায়ী কল্যাণমূলক সংগঠন। উদ্যোক্তা সৃষ্টি, ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন, সৎ ও আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং কর্জে হাসানা ফান্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনটি ব্যবসায়ী সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩, ০৩ জুমাদাস সানি ১৪৪৮