প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম (ভিজিট : )
মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে বজ্রপাত, ভারী বৃষ্টির সতর্কতা জারি
আব্দুল কাদের, তাজাখবর২৪.কম,মালয়েশীয়া প্রতিনিধি: মালয়েশিয়ার সেলাঙ্গর, কুয়ালালামপুর ও পুত্রজায়াসহ দেশটির বিভিন্ন রাজ্যে বজ্রপাত, ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) রাত ৯টা পর্যন্ত এসব এলাকায় প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম মিডিয়া সেলাঙ্গর জানায়, আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, পুরো সেলাঙ্গর রাজ্যে বজ্রঝড় ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। একই পরিস্থিতি দেখা দিতে পারে কুয়ালালামপুর, পুত্রজায়া, পারলিস, পেনাং, পেরাক, নেগেরি সেম্বিলান ও মালাক্কায়।এ ছাড়া কেদাহ, কেলান্তান, পাহাং ও জোহরের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সারাওয়াক ও সাবাহর একাধিক এলাকাও এই সতর্কতার আওতায় রয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘণ্টায় ২০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত এক ঘণ্টার বেশি সময় ধরে হওয়ার আশঙ্কা থাকলে বজ্রঝড়ের সতর্কতা জারি করা হয়। প্রতিটি সতর্কতা স্বল্পমেয়াদি এবং সর্বোচ্চ ছয় ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকে।এ অবস্থায় মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিসহ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে বাইরে কাজ করা, মোটরসাইকেল চালানো এবং যাতায়াতের সময় আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখা জরুরি।
তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮