প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:৪৮ পিএম (ভিজিট : )
ডা.জাকির নায়েক
আব্দুল কাদের, তাজাখবর২৪.কম,মালয়েশীয়া প্রতিনিধি: বিশ্ববরেণ্য ইসলামি স্কলার ডা. জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে নয়াদিল্লির দীর্ঘদিনের দাবি,অনুরোধ ও কূটনৈতিক চাপ আবারও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে মালয়েশিয়া সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধ ও ধারাবাহিক প্রচেষ্টাকে কার্যত পুরোপুরি উপেক্ষা করে জাকির নায়েকের পাশে থাকার এই সুস্পষ্ট বার্তা ভারতের জন্য এক বিরাট কূটনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
সম্প্রতি মালয়েশিয়ার সংসদে উত্থাপিত এক প্রশ্নের জবাবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল স্পষ্ট জানিয়েছেন, ডা. জাকির নায়েককে ভারতের কাছে হস্তান্তরের কোনো আইনি বাধ্যবাধকতা নেই এবং এ সংক্রান্ত কোনো প্রতিশ্রুতিও মালয়েশিয়া সরকার নয়াদিল্লিকে দেয়নি। মূলত ২০১০ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং মালয়েশিয়ার ১৯৯২ সালের নিজস্ব প্রত্যর্পণ আইন বিবেচনা করে সরকার এই অবস্থানে অটল রয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে জাকির নায়েকের প্রত্যর্পণ প্রসঙ্গটি উঠে আসার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে ও মালয়েশিয়ার রাজনীতিতে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।নরেন্দ্র মোদির এই বিশেষ অনুরোধ এবং ভারতের কয়েক বছরের কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর এই কঠোর বক্তব্য মোদি সরকারের জন্য চরম হতাশাজনক।