উখিয়া ইনানী সৈকতে গোসল করতে নেমে এক মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু
মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউয়ে ভেসে নিখোঁজ হওয়া শান্ত নামের এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সৈকতের সাগর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন কোস্টগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচকর্মীরা।নিহত শান্ত ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা। তিনি ঢাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, ঢাকার একটি মাদ্রাসার ১৬ জন শিক্ষক-শিক্ষার্থী কক্সবাজারে বেড়াতে আসেন। তাঁদের মধ্যে নয়জন ইনানী সৈকতে গোসল করতে নামেন। এ সময় সাগরের ঢেউয়ের ধাক্কায় তাঁরা ভেসে যেতে থাকেন। পরে তাঁদের মধ্যে আটজন সাঁতরে তীরে ফিরতে সক্ষম হলেও শান্ত নিখোঁজ হন।
খবর পেয়ে বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা সাগরে তল্লাশি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর দুপুরে সাগরে ভাসমান অবস্থায় শান্তর মরদেহ উদ্ধার করা হয়।ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮