তাজাখবর২৪.কম,ঢাকা: মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নম্বরপ্লেট লাগানোর সময়সীমা দেড় মাস বাড়িয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিআরটিএ।বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়ালি প্রস্তুতকৃত নম্বরপ্লেট সংযোজনের নির্ধারিত সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এর আগে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদারের লক্ষ্যে গত ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করেছিল বিআরটিএ। ওই সময়ের মধ্যে নির্দেশনা না মানলে আইনি ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেয়া হয়েছিল।বিআরটিএ নির্দেশনায় বলা হয়েছে, মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে সামনের ম্যানুয়াল নম্বরপ্লেট তৈরি করতে হবে। সাধারণ মোটরসাইকেলের ক্ষেত্রে প্লেটের মাপ হবে ২৮৫ মিলিমিটার বাই ৫০ মিলিমিটার এবং স্কুটারের ক্ষেত্রে ২০০ মিলিমিটার বাই ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামে তৈরি এই নম্বরপ্লেটে সাদা পটভূমিতে কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার করতে হবে এবং এতে কোনো অলংকারমূলক ডিজাইন বা নকশা রাখা যাবে না।উল্লেখ্য, সড়ক পরিবহন আইন অনুযায়ী মোটরসাইকেলের পেছনে বিআরটিএ অনুমোদিত এবং রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তিযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহার করা বাধ্যতামূলক।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮