তাজাখবর২৪.কম,কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে মর্নিং ওয়াকে বের হয়ে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন উপজেলার জিংলাতলী গ্রামের নজরুল ইসলাম (৬২) এবং তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ শেষে বাড়ি থেকে মর্নিং ওয়াকের উদ্দেশে বের হন ওই দম্পতি। হাঁটার একপর্যায়ে তারা মহাসড়কের হরিপুর মসজিদের কাছে পৌঁছালে দ্রুতগামী একটি অজ্ঞাত যানবাহন তাদের সজোরে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে দুজনেই ছিটকে সড়কের পাশে পড়ে যান।
দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাদের রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে দাউদকান্দির গৌরীপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, অজ্ঞাত যানবাহনের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্ত ও চালককে আটক করতে মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।