প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৬ এএম (ভিজিট : )
‘ভুয়া পরিচয়’ নয়, সংশোধিত চিঠিতে প্রকৃত পরিচয় জানাল পল্লী বিদ্যুৎ
তাজাখবর২৪.কম,পাংশা (রাজবাড়ী):
রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুরে টেলিটক টাওয়ারের বিদ্যুৎ সংযোগ নিয়ে Padma Tribune Facebook page থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে ‘ভুয়া পরিচয় ব্যবহার’ সংক্রান্ত অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন বাহাদুরপুর গ্রামের সাবেক সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ। একই সঙ্গে বিষয়টি নিয়ে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির পাংশা জোনাল অফিসের সংশোধিত চিঠিতে তাঁর পরিচয় সংশোধন করা হয়েছে।পল্লী বিদ্যুৎ সমিতির ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের সংশোধিত চিঠিতে উল্লেখ করা হয়, পূর্বে পাঠানো একটি পত্রে মো. আবুল কালাম আজাদকে ভুলবশত ‘অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও সাবেক যুগ্ম সচিব’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। সংশোধিত চিঠিতে বলা হয়, প্রকৃতপক্ষে তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং অবসর গ্রহণের আগে জয়েন রেজিস্ট্রার হিসেবে সমবায় অধিদপ্তর, ঢাকায় কর্মরত ছিলেন।
চিঠিতে আরও বলা হয়, ভুলভাবে উল্লেখ করা আগের পত্রটি বাতিল বলে গণ্য হবে এবং অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।পল্লী বিদ্যুৎ সমিতির নথি অনুযায়ী, গত ১৯ জুলাই ২০২৬ তারিখে বাহাদুরপুর এলাকার টেলিটক টাওয়ারে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করা হয়। পরবর্তীতে অফিসের চাহিদা অনুযায়ী টাওয়ারে ৮ কিলোওয়াট লোডের সংযোগের নিরাপত্তা জামানত বাবদ ৭ হাজার ৬৮০ টাকা জমা দেওয়া হয় এবং সংযোগের জন্য একটি ফেইজ এইচটি লাইন নির্মাণ করা হয়।তবে পরবর্তীতে মো. আবুল কালাম আজাদ অভিযোগ করেন, টেলিটক টাওয়ারের বিদ্যুৎ সংযোগের জন্য নির্মিত লাইনটি তাঁর বসতবাড়ির মেহগনি গাছের বাগানের ভেতর দিয়ে নেওয়া হয়েছে। এতে ভবিষ্যতে তিনি ওই জমিতে বাড়ি নির্মাণ বা জমি বিক্রি করতে গেলে সমস্যার আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির সংশোধিত চিঠিতে বলা হয়, টেলিটক টাওয়ারের বিদ্যুৎ সংযোগের বাধার বিষয়টি আবুল কালাম আজাদের সঙ্গে আলোচনা করে সমাধান করতে হবে অথবা বিকল্পভাবে লাইন নির্মাণের প্রস্তাব দিতে হবে। অন্যথায় ওই স্থানে নতুন সংযোগ দেওয়া সম্ভব হবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।এদিকে, সংশোধিত সরকারি চিঠিতে তাঁর পরিচয় সংক্রান্ত ভুল স্বীকার ও সংশোধন হওয়ায় ‘ভুয়া পরিচয় ব্যবহার’ সংক্রান্ত অভিযোগ নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি নিয়ে বিভ্রান্তি এড়াতে প্রকাশিত প্রতিবেদনে পল্লী বিদ্যুৎ সমিতির সংশোধিত চিঠির তথ্যও তুলে ধরা প্রয়োজন। এঘটনায় আবুল কালাম আজাদ বলেন, আমার প্রকৃত পরিচয় সম্পর্কে পল্লী বিদ্যুৎ সমিতির সংশোধিত চিঠিতেই বিষয়টি পরিষ্কার করা হয়েছে। পূর্বের চিঠিতে যে পরিচয় দেওয়া হয়েছিল, সেটি কর্তৃপক্ষ ভুল হিসেবে স্বীকার করে সংশোধন করেছে। তাই আমাকে ‘ভুয়া পরিচয় ব্যবহারকারী’ হিসেবে উপস্থাপন করা অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর।”
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৮ রবউিস সানি ১৪৪৮