প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৭ এএম (ভিজিট : )
ইয়ামালের খোঁচার জবাব দিলেন কেইন
তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: ব্যালন ডি’অর নিয়ে লামিনে ইয়ামালের মন্তব্যের জবাব দিয়েছেন হ্যারি কেইন। তবে বার্সেলোনার তরুণ তারকার মন্তব্যের পাল্টা আক্রমণে যাননি বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার। বরং নিজের পারফরম্যান্স দিয়েই জবাব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।গত মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৩ গোল করেছেন ইংল্যান্ড অধিনায়ক। এমন পারফরম্যান্সের পর এবারের ব্যালন ডি’অরের আলোচনাতেও রয়েছেন তিনি।
সম্প্রতি ব্যালন ডি’অর নিয়ে কথা বলতে গিয়ে ইয়ামাল বলেছিলেন, বিশ্বের সেরা খেলোয়াড়ের হাতেই এই পুরস্কার ওঠা উচিত, শুধু ৮০ গোল করার কারণে নয়। তার মতে, সর্বোচ্চ গোলদাতা হওয়া আর বিশ্বের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া এক বিষয় নয়।ইয়ামালের সেই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে কেইন বলেন, আমি নিজের সম্পর্কে খুব বেশি কথা বলতে চাই না। মাঠেই নিজের খেলার মাধ্যমে কথা বলি। সবাই আলাদা। লামিনে ইয়ামাল দারুণ একটি মৌসুম কাটিয়েছে, মাইকেল ওলিসেও তাই। ব্যালন ডি’অর আমার নিয়ন্ত্রণে নেই।ইয়ামাল ঠিক কী উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন, সেটিও নিশ্চিত নন কেইন। তবে বার্সেলোনার তরুণ ফরোয়ার্ডের প্রশংসা করেছেন তিনি।কেইনের ভাষায়, ‘সে অসাধারণ খেলোয়াড়। অনেকেই দারুণ মৌসুম কাটিয়েছে। এমবাপে, মাইকেল ওলিসে, রদ্রিও আছে এবার অনেকেই পুরস্কারটির দাবিদার।’
ব্যালন ডি’অর জিতলে সেটি তার জন্য বড় গর্বের বিষয় হবে বলেও জানিয়েছেন কেইন। তবে পুরস্কার নিয়ে কে কতটা প্রকাশ্যে কথা বলছেন, সেটিকে খুব একটা গুরুত্ব দিতে চান না তিনি। শেষ পর্যন্ত ভোটাররা খেলোয়াড়দের পারফরম্যান্স, পরিসংখ্যান ও অর্জন বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন বলে মনে করেন ইংলিশ তারকা।কেইন বলেন, অন্যরা যখন আমার সম্পর্কে ভালো কথা বলে, তখন বেশি গর্ব অনুভব করি। সতীর্থ, সাবেক খেলোয়াড় কিংবা অন্য কেউ আমার অর্জনের প্রশংসা করলে তা আমার কাছে বেশি অর্থবহ। নিজের সম্পর্কে নিজে বেশি কথা বলার চেয়ে সেটাই ভালো লাগে।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩, ১২ রবউিস সানি ১৪৪৮