প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০২ এএম (ভিজিট : )
‘সার্ভার হ্যাক’ করে এনআইডি ও সিমের তথ্য বিক্রি করতেন সালাম, অতঃপর...
তাজাখবর২৪.কম,প্রযুক্তি ডেস্ক: সার্ভার হ্যাক করে এনআইডি ও সিমের তথ্য বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-৫ রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তারকৃত আব্দুস সালাম সরকার (২৬) মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।র্যাব জানায়, গ্রেপ্তার আব্দুস সালাম সরকার ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ নির্বাচন অফিসে অস্থায়ী ভিত্তিতে চাকরি করেছিলেন। সেই সুবাদে তিনি ওয়েব পেজ এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বিভিন্ন সার্ভার হ্যাক করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য অবৈধভাবে সংগ্রহ করতেন।পরবর্তীতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (বিকাশ ও নগদ) মাধ্যমে অর্থ লেনদেন করে তারা বিভিন্ন ব্যক্তির সিমের লোকেশন, কল ডিটেইল রেকর্ড (সিডিআর) এবং এসএমএস লিস্টের মতো সংবেদনশীল তথ্য বিভিন্ন লোকজনের কাছে বিক্রি করে আসছিলেন।
প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে রোববার ভোর পাঁচটার দিকে মান্দা উপজেলা পরিষদের মূল ফটকের বিপরীতে অবস্থিত ‘সরকার কম্পিউটার ও অনলাইন পয়েন্ট’ নামক দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার মোবাইল ফোন পরীক্ষা করে একাধিক সিডিআর এবং বিভিন্ন নম্বরের শেষ লোকেশনের তথ্য পাওয়া গেছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মান্দা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র: বাসস
তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩, ০২ রবিউস সানি ১৪৪৮