উজ্জল হোসেন,তাজাখবর২৪.কম,পাংশা: রাজবাড়ীর পাংশায় কসবামাঝাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে মোটর চুরির অভিযোগে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।বুধবার (১৯ আগস্ট) ভোরে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত জজ আলী বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের মাঝাইল গ্রামের সুরাই বিশ্বাসের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয়রা জানান, গভীর রাতে পাঁচবাড়িয়া গ্রামের করিম মণ্ডলের মিলে পানির মোটর চুরি করতে যান জজ আলী। এ সময় স্থানীয়রা তাকে আটক করে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩, ০৫ রবিউল আউয়াল ১৪৪৮