প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৭:৩২ পিএম (ভিজিট : )
কেন্দুয়ায় বজ্রপাতে ২যুবকের মৃত্যু
তাজাখবর২৪.কম,কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়া পৃথক বজ্রপাতে ২যুবকের মৃত্যু হয়েছে। প্রথমটি উপজেলার সান্দিকোনা ইউনিয়নের দাউকি গ্রামের পেছনের মরাপুড়ি ডোবা থেকে বজ্রপাতে নিহত আশরাফুল (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৫টার দিকে স্থানীয়রা মরাপুড়ি ডোবায় মরদেহটি ভাসতে দেখে কেন্দুয়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।নিহত আশরাফুলের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বাউচাপুর গ্রামে। তার পিতার নাম মো. ইনচান মিয়া। দীর্ঘদিন ধরে তিনি কেন্দুয়া উপজেলার ডাউকি গ্রামে মামার বাড়িতে বসবাস করতেন। তার মামার নাম মো. ইদ্দু মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফুল মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাছ ধরার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল এবং প্রায়ই বড়শি নিয়ে বিভিন্ন স্থানে মাছ ধরতে যেতেন।স্থানীয় ইউপি সদস্য হাশেম মিয়া ও নিহতের মামা ইদ্দু মিয়া জানান, বুধবার রাতেও আশরাফুল বড়শি নিয়ে মাছ ধরতে বের হন। পরে সকালে স্থানীয়রা ডোবায় তার মরদেহ দেখতে পায়।কেন্দুয়া থানার এসআই ফজলুল হক জানান,ভোররাতে প্রচুর বৃষ্টির সাথে বজ্রপাত হয়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বজ্রপাতে আশরাফুলের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে মাছ ধরার বড়শিসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অপর দিকে উপজেলার মাসকা ইউনিয়নের দিঘলী গ্রামের সামছুল হুদা (৩৮) নামে একজন বজ্রপাতে নিহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছেন। সামছুল হুদা দিঘলী পশ্চিমপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে। কেন্দুয়া থানার ডিউটি অফিসার আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে বৃষ্টিপাতের সময় সামছুল হুদা বাড়ির পেছনের মোড়াইলবিলে মাছ ধরতে গিয়ে সকাল সাড়ে ৫টার দিকে বজ্রপাতের শিকার হয়ে মারা যান বলে খবর পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।কেন্দুয়া থানার ওসি মেহেদি মাকসুদ আরও জানান,দুইটি ঘটনায়ই পৃথক ইউডি মামলা দায়ের হবে।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩, ২ মহারম, ১৪৪৭