প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৯:২৪ পিএম (ভিজিট : )
কালুখালীতে হাত-পা বাঁধা ও অগ্নিদগ্ধ যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
উজ্জল হোসেন,তাজাখবর২৪.কম, রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলায় মো. আসাদুজ্জামান (২৪) নামে এক যুবকের হাত-পা বাঁধা ও অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর পাটক্ষেতের পাশ থেকে তার মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহত আসাদুজ্জামান উপজেলার মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের মো. শাহজাহান মন্ডলের ছেলে। তিনি মীর মোশাররফ হোসেন কলেজের স্নাতক (পাস) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। লেখাপড়ার পাশাপাশি বাবার সঙ্গে কৃষিকাজেও যুক্ত ছিলেন।পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (১৪ জুন) বাদ আসর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রাত ৮টার দিকে তিনি তার সৌদি প্রবাসী দুলাভাইকে ফোন করে জরুরিভাবে ৫ হাজার টাকা প্রয়োজন বলে জানান। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সোমবার (১৫ জুন) সকালে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের দাখিল মাদরাসার সামনের মাঠে, ভাটিয়াপাড়া রেলপথ ও চন্দনা নদীর পাড় সংলগ্ন একটি পাটক্ষেতের পাশে তার হাত-পা বাঁধা ও অগ্নিদগ্ধ মরদেহ দেখতে পান। পরে পুলিশ ও নিহতের পরিবারকে খবর দেওয়া হয়।স্থানীয়দের দাবি, আসাদুজ্জামান অত্যন্ত শান্ত, নম্র ও ভদ্র স্বভাবের ছিলেন। তার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল বলে জানা যায়নি। এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) দেবব্রত সরকার বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ও নৃশংস ঘটনা। একটি পাটক্ষেতের পাশ থেকে হাত-পা বাঁধা ও অগ্নিদগ্ধ অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩, ২৮ জিলহ্বজ, ১৪৪৭