তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই ছিটকে গেলেন আয়ারল্যান্ডের তারকা ব্যাটার পল স্টার্লিং। অধিনায়ককে হারিয়ে বড় বিপদে পড়েছে আয়ারল্যান্ড।অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেই দুর্ভাগ্যজনকভাবে চোট পান স্টার্লিং। একটি ক্যাচ নিতে গিয়ে ডান হাঁটুতে আঘাত পান তিনি। পরে ব্যাট করতে নেমে দ্রুত সিঙ্গেল নেয়ার সময় সেই চোট আরও গুরুতর আকার ধারণ করে। ম্যাচ শেষে করা স্ক্যান রিপোর্টে হাঁটুর লিগামেন্টে ক্ষতির বিষয়টি নিশ্চিত হয়। ফলে তাকে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে যেতে হয়েছে।
আয়ারল্যান্ডের অধিনায়কের অনুপস্থিতি দলের জন্য বড় এক ধাক্কা। দীর্ঘদিন ধরে দলের ব্যাটিং স্তম্ভ হওয়ার পাশাপাশি তিনি নেতৃত্বেও ছিলেন নির্ভরতার প্রতীক। বড় ম্যাচের চাপ সামলানো, ইনিংস গড়া, দলকে নেতৃত্ব দেয়া সব ক্ষেত্রেই তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।স্টার্লিংয়ের বদলি হিসেবে দলে নেয়া হয়েছে ২০ বছর বয়সি তরুণ ওপেনার স্যাম টপিংকে। বিশ্বকাপে চাপের মঞ্চে অধিনায়কের শূন্যতা পূরণ করা যে সহজ হবে না সেটা বলাই যায়।আগামী ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড। এখন দেখার বিষয় অধিনায়কের অনুপস্থিতিতে কেমন করে আইরিশরা।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০শে মাঘ ১৪৩২, ২৪ শাবান, ১৪৪৭