প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম (ভিজিট : )
পররাষ্ট্রমন্ত্রী
মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার প্রতিনিধি: রোহিঙ্গাদের বাঙালি হিসেবে নয়, বরং স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে নিজেদের রোহিঙ্গা পরিচয় নিয়েই মিয়ানমার কে ফিরিয়ে নিতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করার দায়িত্ব মিয়ানমার সরকারের । এ ক্ষেত্রে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মিয়ানমার কে অবশ্যই মেনে চলতে হবে।শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইসিজের রায় চূড়ান্ত। এর বাস্তবায়ন করতে হবে মিয়ানমারকে। আন্তর্জাতিক দায়িত্ব পালনে দেশটি ব্যর্থ হলে তার ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ।
ড. খলিলুর রহমান জানান, রোহিঙ্গা সংকটের বিষয়টি ইতিমধ্যে ১৯০টি দেশের কাছে তুলে ধরেছে বাংলাদেশ। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় এবং রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল।তিনি বলেন, ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেছে আন্তর্জাতিক বিচার আদালত। আদালতের পর্যবেক্ষণে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিকল্পিত হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর নির্যাতন এবং রোহিঙ্গাদের গ্রাম ধ্বংসের বিষয়গুলো মামলায় উঠে এসেছে। একই সঙ্গে রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
রোহিঙ্গাদের স্বতন্ত্র গুষ্টি হিসেবে মিয়ানমারে ফিরতে হবে, বাঙালি হিসেবে নয়: পররাষ্ট্রমন্ত্রী
এই ঐতিহাসিক আইনি অর্জনের জন্য গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), মামলায় হস্তক্ষেপকারী ১১টি দেশ, আইসিজের বিচারক, জাতিসংঘের তদন্তকারী দল এবং রোহিঙ্গাদের আশ্রয়দাতা বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বিশেষভাবে উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দাদের অবদানের কথা উল্লেখ করেন। পাশাপাশি সাহসিকতার সঙ্গে আদালতে সাক্ষ্য দেওয়া রোহিঙ্গা নারী ও ভুক্তভোগীদের প্রতি শ্রদ্ধা জানান।
রায় বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের জীবনে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠায় চার দফা আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।প্রথমত, গণহত্যা সনদের আওতায় সংঘটিত অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের দ্রুত তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরীণ আইনের ত্রুটি সংশোধন করে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে হবে।দ্বিতীয়ত, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরার ব্যবস্থা করতে হবে। তাদের হারানো ঘরবাড়ি, জমি ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া অথবা উপযুক্ত ক্ষতিপূরণ, পরিবার পুনর্মিলন, নাগরিকত্বের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মিয়ানমারে জাতিসংঘের কার্যক্রম পরিচালনার সুযোগ দিতে হবে।
তৃতীয়ত, রোহিঙ্গাদের ব্যক্তি ও সম্প্রদায় হিসেবে অপূরণীয় ক্ষতির জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এ বিষয়ে আগামী দুই বছরের মধ্যে মিয়ানমারকে প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানান তিনি। নিরাপদ প্রত্যাবাসন শুরু না হওয়া পর্যন্ত শিবিরগুলোতে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নয়ন সহযোগীদের অর্থায়ন বাড়ানোর তাগিদ দেন। তিনি বলেন, বাংলাদেশের একার পক্ষে এই ভার বহন করা সম্ভব নয়।চতুর্থত, আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ এবং কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী আইসিজের রায় মানা বাধ্যতামূলক উল্লেখ করে তিনি বলেন, রায় বাস্তবায়নে ব্যর্থ হলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলার সুযোগ রয়েছে।
বক্তব্যের শেষ পর্যায়ে ১৯৪৮ সালের গণহত্যা সনদের প্রসঙ্গ টেনে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, গতকাল সেই সনদ এমন একটি জনগোষ্ঠীর পক্ষে কাজ করেছে, যাদের কোনো সেনাবাহিনী বা ক্ষমতা নেই। জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি অধিবেশনের মূলমন্ত্র ‘আস্থা পুনরুদ্ধার’। গতকালের রায়ের মধ্য দিয়ে বিশ্ব রোহিঙ্গাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বড় একটি পদক্ষেপ নিয়েছে।তিনি বলেন, পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেওয়া পর্যন্ত সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩, ০৯ জুমাদাস সানি ১৪৪৮